ঢাকার ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। এর আগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নবযুগ কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম (৩০) ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২) ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গ্রেফতাররা এই মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন।
ওসি মনিরুল ইসলাম বলেন, কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হয়েছে।









