গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে মহানগরের বাসন থানার যোগীতলা বাইতুন নূর জামে মসজিদের সামনে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী হাবিব চৌধুরী (২৪) এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চানের ছেলে। বর্তমানে বাসন থানার মোগরখাল এলাকায় বসবাস করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আলী নাছের খান বলেন, ‘এটি পরিকল্পিত ঘটনা। ট্র্যাপ সাজিয়ে জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে পরিকল্পিতভাবে গুলি করা হয়। তার শরীরে গুলি লাগলে তিনিও হাদির মতো শহীদ হতেন। হাদিকে যেভাবে গুলি করা হয়েছিল ঠিক হাবিবও একইভাবে গুলি করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সেইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং নির্দেশদাতাদের আইনের আওতায় আনার দাবি জানাই।’
ভুক্তভোগীর বরাত দিয়ে ওসি হারুন অর রশীদ বলেন, ‘হাবিব চৌধুরী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রি করার জন্য বিক্রয় ডটকমে বিজ্ঞাপন দেন। অজ্ঞাত দুজন ক্রেতা তার সঙ্গে যোগাযোগ করে দুপুরে মোগড়খাল এলাকায় আসেন। প্রায় ঘণ্টাব্যাপী মোটরসাইকেলটি পর্যবেক্ষণের পর তাদের মধ্যে থেকে একজন মোটরসাইকেলটি চালিয়ে দেখেন। পরে তারা মোটরসাইকেলের কাগজপত্র হাতে নেন। একপর্যায়ে পালিয়ে যেতে থাকেন। এ সময় হাবিব তাদের পেছনে পেছনে দৌড়ে গেলে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি তাকে দুই রাউন্ড গুলি ছোড়ে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। তবে গুলি তার শরীরে লাগেনি।’
ওসি আরও বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের কার্যক্রম চলছে। বাদীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’









