রাজবাড়ীর সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুল গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতোমধ্যে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আব্দুল গফুর মল্লিকের ভাতিজা আব্দুল বাতেন মল্লিক বলেন, ‘শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আমার চাচার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ভাঙচুর করে এবং ঘরে রাখা নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘একই সময় দুর্বৃত্তরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালায়। সেখানে ঘরের আসবাবপত্র, ঘরের জানালা, পানির মটর ভাঙচুরের পাশাপাশি নগদ অর্থ ও বিভিন্ন মালামাল লুট করা হয়।’
এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের ভাতিজা বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বের ব্যবসায়িক বিরোধের জেরে চার হাজার টাকার জন্য পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী আব্দুল গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে নাড়ু, চিড়ার মুয়া বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার সংগ্রামী জীবনের প্রতি সম্মান জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতা রুহুল কবির রিজভী নিজে তার বাড়িতে এসে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।








