গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল চরপাড়া এলাকার সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) ও একই এলাকার আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান। তিনি জানান, ঢাকা থেকে খুলনাগামী হামিম পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং জিকার সরদার ও হাসিব শেখ নামের দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হন।
আহতদেরকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।









