খুলনার ডুমুরিয়া থানাধীন কাঞ্চনপুর এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রয়ের অপরাধে একজন অসাধু ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এসআরবি-৬ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডুমুরিয়া কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ আদেশ দেওয়া হয়েছে।
এসআরবি-৬-এর সাতক্ষীরা সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ অক্টোবর দুপুর ১২টায় কাঞ্চনপুর এলাকায় এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, ডুমুরিয়া উপজেলা কর্তৃক যৌথ ভ্রাম্যমাণ আদালত অভিযান হয়। এ সময় ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রয়ের অপরাধে একজন ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলো আনিছুর রহমান পলাশ (৪০)। তিনি স্থানীয় মৃত লুৎফর রহমানের ছেলে।
ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা গ্রেফতারকৃত আসামিকে প্রাণিকল্যাণ আইনের ১৬ ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এসআরবি-৬-এর অধিনায়ক লে. কর্ণেল নিস্তার আহমেদ জানান, সকল প্রকার অসাধু ব্যবসায়ী ও অনৈতিক কার্যকলাপে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে এসআরবি-৬ এর চলমান অভিযান অব্যাহত থাকবে।