ঢাকার সাভারে হাইওয়ে থানার পুলিশের ওপর অটোরিকশা চালকদের হামলায় এক এসআই ও কনস্টেবল আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুই অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সাভারের হাইওয়ে থানার সামনে এ হামলার ঘটনা ঘটে।
আটকরা হলেন- অটোরিকশা চালক জুবায়ের (২৫) ও আকাশ আলী (২০)।
আহতরা হলেন- সাভার হাইওয়ে থানার এসআই আরিফ ও কনস্টেবল মহসিন।
পুলিশ জানায়, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হাইওয়ে থানার সামনে রিকশাচালকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা দাবি জানান, মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত অটোরিকশা চলাচলে অনুমতি দিতে হবে। সেক্ষেত্রে পুলিশ সদস্যরা অটোরিকশা চালকদের কোনও বাধা দিতে পারবে না। তবে অটোরিকশাচালকদের আন্দোলনের সময় পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করতে গেলে এ সময় উপস্থিত এসআই আরিফ ও কনস্টেবল মহসিনের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী অটোরিকশা চালক জুবায়ের ও আকাশ আলীকে আটক করে।
এ ঘটনায় সাভার হাইওয়ে থানার ওসি শেখ শাহজাহান বলেন, অটোরিকশাচালকরা তাদের অযৌক্তিক দাবি নিয়ে হাইওয়ে থানার সামনে বিক্ষোভ করে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সমাধানের চেষ্টা করলে পুলিশের এক এসআই ও কনস্টেবলের ওপর হামলা করে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।








