গাজীপুরের কালিয়াকৈরে গভীর বনের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মৌচাক ইউনিয়নের কাঁচারস গ্রামের একটি বন এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে স্থানীয় জসিম উদ্দিন বনের ভেতর লাকড়ি কুড়াতে যান। এ সময় তিনি মানুষের পা, মাথা, হাড়, জুতা, লাল রঙের টি-শার্ট ও কালো প্যান্টসহ দেহের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন আগে অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয়েছিল। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পরিচয় শনাক্ত হলে হত্যার রহস্য উদঘাটন সহজ হবে বলেও জানান ওসি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।









