মুন্সীগঞ্জে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে টঙ্গীবাড়ি উপজেলার ফজুশাহ এবং দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরাফাত খাঁ (২২) ও রিজন ঢালী (১৮)। এর মধ্যে আরাফাত উপজেলার হাইয়ার পাড় গ্রামের জসিম খাঁর ছেলে ও রিজন ঢালী একই উপজেলার বসাউল্লাহ গ্রামের মনির ঢালীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিজন ঢালী বাড়ির পাশে নিজস্ব কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন। তখন আকস্মিক বজ্রাঘাতে গুরুতর আহত হন। একই সময় আরাফাত রাস্তা দিয়ে বাড়ি ফিরার পথে বজ্রাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার নূরে আলম সিদ্দিক বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।’
টঙ্গীবাড়ি থানার ওসি মো. মনিরুল হক ডাবলু বলেন, ‘কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছেন স্বজনরা। এ নিয়ে তাদের কোনও অভিযোগ ছিল না।’









