চাঁদা না পেয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ, যুবদল নেতার সব পদ স্থগিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জুন ২০২৬, ১৭:২০আপডেট : ০৫ জুন ২০২৬, ১৭:২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঁদা না পেয়ে একটি দোকানে হামলা ও দোকান মালিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল হক রিপনের পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

অভিযুক্ত জিয়াউল হক রিপন আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে ছিলেন। ভুক্তভোগী দোকানি সালাউদ্দিন মিয়া ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সালাউদ্দিন মিয়ার দোকানে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল হক রিপন ও তার সহযোগীরা হামলা চালান। এ সময় তারা দোকানিকে মারধর করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা বাজারে সালাউদ্দিন মিয়ার দোকানে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল হক রিপন ও তার সহযোগীরা এ  হামলা চালান। এ ঘটনায় ভুক্তভোগী দোকানি সালাউদ্দিন মিয়া বুধবার বিকালে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

ভুক্তভোগী দোকানি সালাউদ্দিন মিয়া বলেন, পুরিন্দা বাজারে আমার বাবা শাহজাহান মিয়ার একটি মার্কেট রয়েছে। ওই মার্কেটে আমি একটি মুদি দোকান চালাই। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন যুবদল নেতা জিয়াউল হক রিপন পুরিন্দা বাজারে দাপট দেখানো শুরু করেন। বিভিন্ন অজুহাতে রিপন আমার কাছ থেকে ১১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। এর মধ্যে দোকান থেকে তিনি আড়াই লাখ টাকার জিনিসপত্র নিয়ে দাম পরিশোধ করছেন না। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে রিপন ফের দোকানে পণ্য নিতে আসেন। তখন বকেয়া টাকা চাইলে তিনি উল্টো ১১ লাখ টাকা পাওনা আছে বলে দাবি করেন। এরপর তিনি লোকজন নিয়ে দোকানে হামলা চালান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান এবং আমাকে ভেতরে আটকে রেখে বাইরে থেকে দোকানের সাটার নামিয়ে দেন। পরে স্থানীয় বিএনপির নেতা কর্মীরা এসে দোকান খুলে দিয়ে যায়।

অভিযোগ প্রত্যাখ্যান করে যুবদল নেতা জিয়াউল হক রিপন বলেন, মুদি দোকান পরিচালনার জন্য আমি সালাউদ্দিনকে দুই দফায় পাঁচ লাখ করে ১০ লাখ টাকা ধার দিয়েছি। এর মধ্যে সে আমাকে ইতিমধ্যে দুই লাখ টাকা ফেরত দিয়েছে। বাকি টাকা এখনও পাইনি। এদিকে গত মঙ্গলবার বাকি টাকা চাইতে গেলে সালাউদ্দিন উল্টো আমাকে ধারালো অস্ত্র দেখিয়ে শাসায়। এ কথা শুনে আমার লোকজন উত্তেজিত হয়ে প্রতিবাদ করেছে। তবে তাকে মারধর করেনি।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনায় পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউল হক রিপনের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। গত ৫ জুন সকালে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নজরে এসেছে। এ ঘটনায় তার পদ স্থগিত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
টাঙ্গাইলে ১৪৪ ধারা ভঙ্গ করে দুই গ্রামবাসীর সংঘর্ষ 
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া উচিত: চীন
কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া উচিত: চীন
থামছেই না মৃত্যু, সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে   
থামছেই না মৃত্যু, সংখ্যা দাঁড়ালো ৬১০ জনে   
বাজারে ডিম ছাড়া আর কিছুতে নেই ‘স্বস্তি’
বাজারে ডিম ছাড়া আর কিছুতে নেই ‘স্বস্তি’
রোদ-গরমের শহরে স্বস্তির বার্তা হয়ে এলো বৃষ্টি
রোদ-গরমের শহরে স্বস্তির বার্তা হয়ে এলো বৃষ্টি
সর্বাধিক পঠিত
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান