চলতি মাসের প্রথম ১০ দিনে (১ থেকে ১১ জুন) ঢাকা জেলার সাত থানায় ১০০৮ জন অপরাধী গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। এর মধ্যে সাভার মডেল থানা ১৪০, আশুলিয়া ১৫২, ধামরাই ৫৮, কেরানীগঞ্জ মডেল থানায় ১০৬, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ১২৫, নবাবগঞ্জ ৯৫, দোহার ৯১, ডিবি উত্তর ১০২ ও ডিবি দক্ষিণ ৮১ জনকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে সাভার মডেল থানায় ঢাকা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম ও বিশেষ অভিযান নিয়ে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
পুলিশ সুপার জানান, মাদকসহ অন্য অপরাধ নির্মূলে ঢাকা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে, মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। সাভারে গত ২২ মে গণমাধ্যম কর্মীদের ওপর হামলায় প্রধান অভিযুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীমসহ এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুলসহ এখন পর্যন্ত মোট ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এমন কার্যক্রম চলমান থাকবে।









