নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে বোমা হামলার মামলায় গ্রেফতার হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে আদালতে আনা হলেও সাক্ষী উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ অতিরিক্ত প্রথম আদালতের বিচারক মিয়াজী মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীর আদালত আগামী ৪ মে পরবর্তীতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কেএম ফজলুর রহমান জানান, মুফতি হান্নানের বিরুদ্ধে সারাদেশে ৫১টি মামলা রয়েছে। সোমবার সাক্ষ্য গ্রহণের দিন সাক্ষী উপস্থিত না থাকায় ৪ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
সোমবার মুফতি হান্নান ছাড়াও সেচ্ছাসেবক দল নেতা শাহাদাত উল্লাহ জুয়েলকে আদালতে হাজির করা হয়। এ সময় জামিনপ্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর শওকত হাশেম শকু উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে ভয়াবহ বোমা হামলায় ২০ জন নিহতের ঘটনায় বিস্ফোরক ও হত্যা আইনে দুটি মামলায় হয়। কয়েক দফা তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন শেষে দুটি মামলায় ২০১৩ সালের ২ মে মামলাটির তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে চার্জশিট জমা দেন। এ দুটি মামলায় বাদীসহ সাতজনকে সাক্ষী করা হলেও গত ২১ জানুয়ারি বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পূরক চার্জশিটে আগের চার্জশিটভুক্ত আসামি অভিন্ন রেখে শুধু সাক্ষীর সংখ্যা বাড়ানো হয়। এতে সম্পূরক চার্জশিটে আটজন তদন্তকারী কর্মকর্তার পাশাপাশি ৩৭ জনকে সাক্ষী করা হয়েছে। চার্জশিটভুক্ত ছয়জনের মধ্যে নারায়ণগঞ্জে ক্রসফায়ারে নিহত যুবদল ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ছোট ভাই শাহাদাতউল্লাহ জুয়েল ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান গ্রেফতার রয়েছেন। পলাতক রয়েছে ওবায়দুল্লাহ রহমান। ভারতের দিল্লী কারাগারে আটক রয়েছেন সহোদর আনিসুল মোরসালিন ও মুহিবুল মুত্তাকিন। আর জামিনে আছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু।
/বিটি/এএইচ/
আরও খবর পড়ুন-








