সাভারে সিএনজি স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকার ডেল্টা সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম (২৭) সিএনজি স্টেশনের অপারেটর এবং সজল (২৬) প্রাইভেটকারের মালিক ও চালক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে একটি প্রাইভেটকারে গ্যাস দিচ্ছিলেন সিএনজি স্টেশনের অপারেটর শামীম। এসময় বিকট শব্দে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই স্টেশনের অপারেটর শামীম নিহত হন। এতে প্রাইভেটকারের চার যাত্রীও গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সজলের মৃত্যু হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ঘটনাস্থলেই নিহত শামীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়তে পারেন: বৈশাখী সাজে খালেদা জিয়া
/এমও/








