বাসায় পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতার মৃত্যু, কী ঘটেছিল 

সাভার (ঢাকা) প্রতিনিধি 
০৮ আগস্ট ২০২৬, ০২:২৪আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:২৪

সাভারে বাসায় পুলিশের অভিযানের সময় ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ১২টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের ৫ম তলার ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। 

নিহত মনোয়ারুল হোসেন বকশী সাভারের বাংলাদেশ লোক প্রশিক্ষণ কেন্দ্রের গার্ড জাফরের ছেলে। তিনি সাভার থানা ছাত্রদলের সহসভাপতি ছিলেন। 

পুলিশ জানায়, রংপুর জেলার পীরগঞ্জ থানা থেকে প্রেমের সম্পর্কের জেরে শাহরিয়ার কবির নামে এক তরুণ মিম নামে এক কিশোরীকে নিয়ে সাভারে মামা মনোয়ারুল হোসেনের বাসায় পালিয়ে আসেন। এ ঘটনায় কিশোরীর পরিবার পীরগঞ্জ থানায় নিখোঁজের জিডি করেন। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পীরগঞ্জ থানা পুলিশ সাভার মডেল থানায় আসে। পরে পীরগঞ্জ থানা পুলিশ সাভার মডেল থানার পুলিশের আরও একটি টিম নিয়ে মনোয়ারুল হোসেনের বাসায় অভিযান চালায়। তবে ভাগনে ও তার প্রেমিকা এর আগেই ওই বাসা থেকে চলে যান। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে মামা মনোয়ারুল ছাদে পালাতে যান। এ সময় পুলিশও তার পিছু নিয়ে ছাদে খুঁজতে যায়। এরপর হঠাৎ মনোয়ারুল পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সাইফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, পীরগঞ্জ থানা পুলিশ রাতে আসামি ধরার জন্য সাভারে এসেছিল। বিষয়টি জানানোর পর আমাদের থানা পুলিশের একটি টিমও সঙ্গে গিয়েছিল। কিন্তু পীরগঞ্জ থানা পুলিশ ভবনের ভেতরে আসামি ধরতে গেলে মনোয়ারুল ছাদ থেকে পড়ে নিহত হন। তবে সাভার মডেল থানা পুলিশ ভবনের নিচে অবস্থান করেছিল। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কী ঘটেছিল 

প্রতিবেশী রাসেল মনি দাবি করেন, রাত সাড়ে ১২টার দিকে শব্দ শুনে বাইরে বের হয়ে তিনি ভবনের ছাদে একজন পুলিশ সদস্যকে দেখতে পান এবং নিচে মনোয়ারুলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তার ভাষ্য, কয়েক মিনিটের মধ্যে ছাদ থেকে পুলিশ সদস্য নেমে একটি মাইক্রোবাসে ওঠেন। এরপর অন্যান্য পুলিশ সদস্যরা ওই মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

রাসেল মনি আরও জানান, মনোয়ারুলকে মুমূর্ষু অবস্থায় ভবনের নিচে পেয়ে প্রথমে বিপিএটিসির ক্লিনিকের এক চিকিৎসককে ডাকা হয়। তার পরামর্শে মনোয়ারুলকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজন শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশ মিমকে উদ্ধারের জন্য বাসায় প্রবেশ করলে মনোয়ারুল ছাদে যান এবং পুলিশও তার পিছু নেয়। পরে তিনি ছাদ থেকে নিচে পড়ে গেলে মৃত্যু হয়।

এদিকে মনোয়ারুলের মৃত্যুর ঘটনায় তাকে সাভার থানা ছাত্রদলের সহসভাপতি উল্লেখ করে একটি শোক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

যদিও সাভার থানা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ফয়সাল আহমেদ মাশফি বাংলা ট্রিবিউনকে বলেছেন, এই নামে সাভার থানা ছাত্রদলের সহসভাপতি পদে কেউ নেই। এছাড়াও তার কাছ থেকে পাওয়া সাভার থানা ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটির তালিকায়ও সহসভাপতি পদে এই নাম পাওয়া যায়নি।

যা বলছে পুলিশ

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, রংপুরের পীরগাছা থানা থেকে এসআই কনক কান্তি বর্মনের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে সাভারে আসে নিখোঁজ একটি জিডির ভিকটিম কিশোরীকে উদ্ধার করতে। পরে আমাদের থানার একটি টিমের সহায়তায় তারা ওই বাসাটিতে গিয়ে নিখোঁজ ভিকটিমকে খোঁজাখুঁজি করেছিল। এ সময় হঠাৎ তারা  ছাদ থেকে কিছু একটা পড়ার শব্দ পায়। পরবর্তীতে নিচে গিয়ে দেখে ওই যুবক সেখানে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মূলত নিহতের ভাগনে পীরগাছা থেকে প্রেমের সম্পর্কের জেরে এক কিশোরীকে নিয়ে আসেন। এ ঘটনায় জিডি হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় সেখানকার পুলিশ লোকেশন নিয়ে নিখোঁজ ভিকটিমকে উদ্ধারে এখানে আসে। পরে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর পীরগাছা থানা পুলিশ আমার থানাতে না এসে ঘটনাস্থল থেকেই চলে যায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের ধাওয়া খেয়ে পড়ে গেছে, ব্যাপারটি এমন না। সেখানে একজন নিখোঁজ ভিকটিমকে উদ্ধারে আমাদের একটি টিম সাভার মডেল থানা পুলিশের সহায়তায় ওই বাসায় যায়। সে সময় নিহত যুবকের বাসায় তার বাবা-মায়ের সঙ্গে আমাদের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা কথা বলার একপর্যায়ে লোকজন বলছিল, ছাদ থেকে কেউ একজন পড়ে গেছে। আমাদের টিম ছিল চারতলায়। আর যেই যুবক নিহত হয়েছেন, তিনি একই ভবনের পাঁচতলার ছাদ থেকে পড়ে গিয়েছেন। সে সময় আমাদের কোনও সদস্য ছাদে ছিলেন না।

/এএম/
সম্পর্কিত
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
স্বতন্ত্র নির্বাচন করে জয় পাওয়া সেই জিসান ছাড়ছেন জাকসুর সম্পাদক পদ
পুলিশের ধাওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদলের সাবেক নেতা নিহত
সর্বশেষ খবর
এক ডিমের ওজন দেড় কেজি, দেখে অবাক সবাই
এক ডিমের ওজন দেড় কেজি, দেখে অবাক সবাই
‘গোপন বৈঠককা‌লে’ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
‘গোপন বৈঠককা‌লে’ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যা, বিএনপি নেতা হাবিব গ্রেফতার
স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যা, বিএনপি নেতা হাবিব গ্রেফতার
এটা কি শেখ হাসিনার বক্তব্য নাকি এআই, বেঁচে থাকলে দেশে আসুক: রাশেদ খাঁন
এটা কি শেখ হাসিনার বক্তব্য নাকি এআই, বেঁচে থাকলে দেশে আসুক: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই