বোমাসহ গ্রেফতার আরিফের পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী, ৬ দিনের রিমান্ড

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৬, ১৯:২৪আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

ঢাকার সাভারে বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গ্রেফতার নব্য জেএমবি সদস্য মোহাম্মদ আরিফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের সাভার জিআরও শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বকর সিদ্দিক বলেন, ‌‘মোহাম্মদ আরিফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগ এ রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আসামি পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।’

এর আগে মঙ্গলবার রাতে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে আরিফকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে পাঁচটি বোমা উদ্ধারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ শ্যামপুরের একটি বাসায় অভিযান চালিয়ে আরও ছয়টি বোমা এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে পুলিশ। মামলায় আরিফসহ ছয় জনের নাম উল্লেখ করে আরও ছয়-সাত জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এদিকে, সাভারের সাধাপুরে গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি ‘প্রেশারকুকার’ বোমা উদ্ধারের ঘটনায়ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা ছয়-সাত জনকে আসামি করা হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, হেমায়েতপুর থেকে গ্রেফতারের সময় আরিফের কাছে একটি ব্যাগে পাঁচটি বোমা পাওয়া যায়। বোমাগুলো জিআই পাইপের মধ্যে তৈরি করা হয়েছিল। এ ছাড়া ছুরিসদৃশ তিনটি বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জামও পাওয়া যায়।

আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসি ও ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল সাভারের দক্ষিণ শ্যামপুরের একটি তিনতলা বাড়িতে অভিযান চালায়। জব্দ তালিকা অনুযায়ী, বাড়িটির একটি কক্ষ থেকে ছয়টি বোমা এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ, বারুদ, গানপাউডার, ইলেকট্রিক তার, বিয়ারিং বল, নাইট্রিক অ্যাসিড ও প্লাস্টিকের কনটেইনার রয়েছে।

সিটিটিসির একজন কর্মকর্তা বলেন, ওই বাসায় আব্বাস আলী, আরিফ, নাজমুল হোসেন ওরফে মামুনসহ কয়েকজনের আসা-যাওয়া ছিল। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

যে বাড়িতে মিললো বোমা

সাভারের দক্ষিণ শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিন মিনিট হাঁটলেই আবদুল জলিলের তিনতলা বাড়ি। তিনি পরিবার নিয়ে তৃতীয় তলায় থাকেন। বাড়িটির পেছনে বারান্দাসহ দুই কক্ষের একটি ফ্ল্যাট রয়েছে। এর একটি কক্ষ তালাবদ্ধ। অন্য কক্ষটি গত ২ আগস্ট আব্বাস আলী নামের এক ব্যক্তি ভাড়া নেন।

বাড়ির মালিকের মেয়ে জবেনূর জিদনী বলেন, ‘টু লেট’ দেখে ২ আগস্ট বাসা দেখতে আসেন আব্বাস আলী। পরিবার নিয়ে থাকবেন বলে জাতীয় পরিচয়পত্র দিয়ে বাসাটি ভাড়া নেন। নিজেকে ট্রাকচালক হিসেবে পরিচয় দেন তিনি। ৫ আগস্ট এসে ওই কক্ষে সিলিং ফ্যান লাগান। এরপর ওই বাসায় কারা যাতায়াত করতেন, তা তারা জানতেন না। মঙ্গলবার পুলিশ বাড়ির মালিকের মেয়েকে সঙ্গে নিয়ে ওই কক্ষে প্রবেশ করে। পরে মধ্যরাত পর্যন্ত বাড়িটি ঘিরে রেখে অভিযান চালায় সিটিটিসি ও সাভার থানা পুলিশ।

মামলায় ছয় জনের নাম, অজ্ঞাত আরও ছয়-সাত জন

বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। মামলায় মোহাম্মদ আরিফ (২৬), নাজমুল হাসান মামুন (৩২), মো. আব্বাস আলী (৩০), কামাল হোসেন ডাক্তার (৪৫), বাপ্পী (৩০) ও রাকিব (৩০)- এই ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও ছয়-সাত জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত সংগঠন নব্য জেএমবির সদস্য। নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যসহ তারা সাভার এলাকায় জড়ো হন। আরিফ ছাড়া অন্য আসামিরা পলাতক।

এজাহারে আরও বলা হয়েছে, তারা নিষিদ্ধ সংগঠনের আদর্শকে সমর্থন করে জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করা এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হত্যার চেষ্টায় লিপ্ত রয়েছেন।

সাধাপুরে প্রেশারকুকার বোমা

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুরের গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার ছিল। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেশার কুকারটি বের করে মাঠে রেখে পুলিশকে খবর দেন।

বুধবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রেশারকুকারটি দেখে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। বেলা পৌনে ২টার দিকে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাসহ সেখানে থাকা ব্যক্তিদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। পরে বেলা ৩টা ২৮ মিনিটের দিকে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে বোমাটি রেখে যাওয়ার সময় স্থানীয় লোকজন তিন জনকে দেখেছেন বলে জানিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিন জনসহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করা হয়েছে।’

সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বাদী হয়ে গতকাল দিবাগত রাতে মামলাটি করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। সাধাপুরের গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে।

আরিফ সম্পর্কে যা জানা গেলো

সিটিটিসি সূত্র বলছে, সাভারের হেমায়েতপুর থেকে গ্রেফতার আরিফ নব্য জেএমবির সদস্য। ২০২৩ সালে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় ২০২৪ সালের ১ আগস্ট তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। আরিফের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। মামলায় তার বর্তমান ঠিকানা টঙ্গীর ভরান এলাকায় উল্লেখ করা হয়েছে।

পরিবারের একজন সদস্য জানান, আরিফ একসময় একটি প্রিন্টার্সে গ্রাফিকসের কাজ করতেন। ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ ছিল না।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, ‘আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

আদালত পুলিশের সাভার জিআরও শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বকর সিদ্দিক বলেন, ‘মোহাম্মদ আরিফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’

/এএম/ 
সম্পর্কিত
মৃত্যুদণ্ড হয়েছে রমজানের, জেল খাটছেন নিরপরাধ দিনমজুর সোনা মিয়া
সাভারে নাশকতার চেষ্টা, ‘নব্য জেএমবির সক্রিয় সদস্য’ ৬ দিনের রিমান্ডে
মাদ্রাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: শিক্ষক রিমান্ডে, স্বজনদের হামলা
সর্বশেষ খবর
ক্ষুর-কাঁচির পুরনো সেই ছন্দে ছেদ, সংকটে ভ্রাম্যমাণ নরসুন্দর পেশা
ক্ষুর-কাঁচির পুরনো সেই ছন্দে ছেদ, সংকটে ভ্রাম্যমাণ নরসুন্দর পেশা
ডেস্কে ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ? শরীরের ঝুঁকি বুঝতে ও কমাতে যা করবেন
ডেস্কে ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ? শরীরের ঝুঁকি বুঝতে ও কমাতে যা করবেন
বাংলাদেশি যাত্রীদের দুবাইয়ের ট্রানজিট ভিসা দিচ্ছে এমিরেটস
বাংলাদেশি যাত্রীদের দুবাইয়ের ট্রানজিট ভিসা দিচ্ছে এমিরেটস
১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ৯০ লাখ ডলার
১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ৯০ লাখ ডলার
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের