ফরিদপুরের গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের বিরোধের জেরে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে টানা প্রায় সাড়ে ৪৩ ঘণ্টা বন্ধ থাকার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে এ রুটে বাস চলাচল শুরু হয়। এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার পর থেকে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এতে দুই জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বাধ্য হয়ে মাহেন্দ্র, ব্যাটারিচালিত ইজিবাইকসহ ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে দেখা গেছে।
তবে গোল্ডেন লাইন পরিবহন নিয়ে রাজবাড়ীর পরিবহন মালিক-শ্রমিকদের বিরোধ এখনও পুরোপুরি মেটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে গোল্ডেন লাইন নিয়ে বিরোধ এখনও সমাধান হয়নি। প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইনের চারটি ট্রিপ চললে আপত্তি নেই। এর বেশি ট্রিপ চালাতে দেওয়া হবে না। যেখানে চারটি বাস চালানোর কথা সেখানে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইনের ২৮টি পর্যন্ত ট্রিপ চালানো হয়েছে।
সুকুমার ভৌমিক বলেন, মঙ্গলবারের ঘটনার পর ফরিদপুরে রাজবাড়ীর যাত্রীবাহী রেখা বাসের গ্লাস ভাঙচুর, চালক ও হেলপারকে মারধর এবং টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন। এ পরিস্থিতিতে প্রশাসন বাস চলাচলের নিরাপত্তার দায়িত্ব নেওয়ায় তারা পুনরায় বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আপাতত বাস চলাচল স্বাভাবিক হয়েছে। পরে সংশ্লিষ্টদের নিয়ে বসে বিরোধের স্থায়ী সমাধান করা হবে।








