কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি 
২৪ আগস্ট ২০২৬, ১১:০২ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১১:০২

কিশোরগঞ্জের ভৈরবে আল আমিন (৪০) নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতা ও সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিনপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আল আমিন ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক। তিনি সারের ব্যবসা করতেন। ভৈরব বাজারে তার রিভারভিউ নামে একটি আবাসিক হোটেল আছে।

পরিবারের সদস্যরা জানান, আল আমিন পৌর শহরের আড়াইবেপারী বাড়ির জসিম উদ্দিনের ছেলে। তিনি যুবলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

 ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। তিনি দুবার পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। বর্তমানে জামিনে ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি অনেকটা আড়ালে জীবনযাপন করতেন।

কয়েক বছর ধরে আল আমিন পৈতৃক বাড়িতে থাকতেন না। স্ত্রী ও সন্তানদের নিয়ে শহরের রানীবাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।

রবিবার রাত (২৩ আগস্ট) সাড়ে ১১টার দিকে আল আমিন তার ব্যবসাপ্রতিষ্ঠান রিভারভিউ হোটেলে ছিলেন। রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মোটরসাইকেল নিয়ে হোটেল থেকে বাসার উদ্দেশে রওনা হন। বাসার সড়কে কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে ঘিরে ধরে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বজনরা জানিয়েছেন, আল আমিনের মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল। তার একটি পায়ের রগ কাটা হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৩টার দিকে সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, আল আমিনের বাসায় যাওয়ার সড়কটি রাতে বেশ নির্জন থাকে। চিৎকার শুনে এসে দেখতে পান কয়েকজন চলে যাচ্ছে। আল আমিন সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। তার মাথা ও মুখ রক্তে লাল হয়ে যায়। ফলে প্রথমে তাকে চেনা যায়নি।

রাত ১১টা ৪০ মিনিটে স্বামীর সঙ্গে সর্বশেষ কথা হয় বলে জানান আল আমিনের স্ত্রী তানিয়া খানম। তখন আল আমিন তাকে জানান, তিনি হোটেলে আছেন। পাঁচ মিনিটের মধ্যে বাসায় ফিরবেন। তাকে রাতের খাবার প্রস্তুত রাখতে বলেন। তাকে কেন, কারা হত্যা করেছে, তিনি ধারণা করতে পারছেন না।

/এএম/এনআই/
সম্পর্কিত
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
সর্বশেষ খবর
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
শনিবার ব্যাংক ও শেয়ারবাজার খোলা
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
অন্তর্বর্তী সরকার দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা