দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ হয় কীভাবে: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯ আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিরোধীদলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, ‘একদিকে বলা হচ্ছে দেশে তেল ও গ্যাস নেই, অন্যদিকে দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে তাহলে হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ হচ্ছে কীভাবে।’

তিনি বলেন, ‘লংমার্চে তেল খরচ না করে রাজনৈতিক দলগুলোর উচিত সংসদে এসে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা। আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে জাতীয় সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।’

জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে বিএনপি সরকারের হাত ধরেই তা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জ্বালানি পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী না উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘বিগত স্বৈরাচার সরকারের সময়ে জ্বালানি খাতে অনিয়ম-দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রভাব এখনও মোকাবিলা করতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও প্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি। দেশের মজুত থাকা গ্যাস উত্তোলনেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। প্রয়োজনে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি করা হবে।’

সারের সংকট নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘দেশে সারের কোনও সংকট নেই। এ ধরনের প্রচারণার মাধ্যমে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার এখনও চলছে। দেশের সংকটকে রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে জনগণের সমস্যা ও দাবি সংসদে তুলে ধরে গঠনমূলক রাজনীতির চর্চা করা উচিত।’

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবার অংশগ্রহণের প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির আলোকে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরবেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করবেন।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে র‌্যালিতে অংশ নেন। পরে এম এন একাডেমি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন উপস্থিত ছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
প্রধানমন্ত্রীর জনসভায় ৯ নেতাকর্মীর মোবাইল ফোন চুরি, থানায় জিডি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
সর্বশেষ খবর
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা