রাস্তায় প্রাইভেটকারে গুলি করে দুই মিনিটে ৩ কোটি টাকা লুট, একজন গুলিবিদ্ধ

গাজীপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৬, ২২:০৬ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ২২:২০

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারে গুলি চালিয়ে ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের অন্তত তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের এক ম্যানেজার গুলিবিদ্ধসহ চার জন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় প্রাইভেটকার থেকে টাকা লুট ও গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

গুলিবিদ্ধ হিমেল আহমেদ (৩৫) শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার মোহাম্মদ জসিমের ছেলে। তিনি শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবস্থিত ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’ নামের বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের হিসাব ম্যানেজার (ব্যবস্থাপক)। আহত দুই সহকর্মী হলেন- লোন শাখার ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেন (৩৫); তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার বুলবুল আহমেদের ছেলে, শ্রীপুর-মাওনা এরিয়ার সুপারভাইজার বেড়াইদেরচালা এলাকার মোহাম্মদ জামানের ছেলে রিফাত (৩০) এবং প্রাইভেটকার চালক কেওয়া পশ্চিম খণ্ড এলাকার মৃত ফালু মিয়ার ছেলে লাল মিয়া (৩২)। তাদের মধ্যে গুলিবিদ্ধ হিমেল আহমেদকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লোন শাখার ক্রেডিট ম্যানেজার ফাহাদ হোসেন বলেন, ‘বিকাল সাড়ে ৪টার দিকে আমরা তিন সহকর্মী বিকাশের নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারযোগে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা হই। শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে এসে পৌঁছালে পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল আমাদের প্রাইভেটকার ঘিরে ফেলে।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ

তিনি বলেন, ‘প্রতি মোটরসাইকেলে দুজন করে লোক ছিল। কিছু বুঝে উঠার আগেই তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে। পরে পিস্তল বের করে গুলি করে এ সময় প্রাইভেটকারের সামনে বসে থাকা হিমেল আহমেদ গুলিবিদ্ধ হন। অন্যরা চালকের পাশের গ্লাস ভেঙে আমাদের মারধর শুরু করে। পরে প্রাইভেটকারের পেছনে রাখা চারটি টাকার বস্তার মধ্যে তিনটি নিয়ে দুই মিনিটের মধ্যে ঘটনাস্থল থেকে শ্রীপুরের দিকে চলে যায়। প্রতি বস্তায় এক কোটি করে টাকা ছিল। পরে আমি প্রাইভেটকার চালিয়ে শ্রীপুর হাসপাতালে আসি। সেখানে আমরা চিকিৎসা নিই। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় গুলিবিদ্ধ হিমেলকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

বিকাশের ডিস্ট্রিবিউশন এজেন্সি মাওনা-ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. রফিক জানান, নরসিংদী থেকে টাকা সংগ্রহ করে প্রাইভেটকারে শ্রীপুরে ফিরছিলেন তার প্রতিষ্ঠানের কর্মীরা। প্রাইভেটকারটিতে চারটি বস্তায় চার কোটি টাকা ছিল। পথে ১০-১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের প্রাইভেটকার ঘিরে ফেলে। এরপর এলোপাতাড়ি গুলি করে এবং কর্মীদের পিটিয়ে ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে প্রাইভেটকারে থাকা তিন বস্তা টাকা নিয়ে যায়। যেখানে তিন কোটি টাকা ছিল।

পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল প্রাইভেটকার ঘিরে ফেলে

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিন জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হিমেলের পেটের ডান পাশে গভীর ক্ষত রয়েছে; যা গুলির আঘাত হতে পারে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘আমি ময়মনসিংহ হাইওয়েতে টহলে ছিলাম। ওই সময় সাংবাদিকেরা ফোন করে বলেন, ছিনতাই ও গুলির ঘটনা ঘটেছে। টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। পরে শ্রীপুর হাসপাতালে এসে যার গায়ে গুলি লেগেছিল তাকেও পাইনি। এখানে যারা আছেন তারা কিছুটা আহত হয়েছেন। তারা বলেছেন, তিন কোটি টাকা নিয়ে গেছে। তবে এখনও আমরা টাকার পরিমাণ নিশ্চিত হতে পারিনি। তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। সেইসঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুট হওয়া টাকা উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ।’

 

/এএম/ 
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
বিকালে এএসপির নিরাপত্তার আশ্বাস, রাতে ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
সর্বশেষ খবর
গতানুগতিক ছাত্রদল, কৌশলি শিবির: ঢাবির ছাত্ররাজনীতি কোন পথে?
গতানুগতিক ছাত্রদল, কৌশলি শিবির: ঢাবির ছাত্ররাজনীতি কোন পথে?
নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিজেপির জয়
নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনে বিজেপির জয়
চার দফা দাবিতে রাজধানীতে গার্মেন্ট শ্রমিক সংহতির মিছিল ও সমাবেশ
চার দফা দাবিতে রাজধানীতে গার্মেন্ট শ্রমিক সংহতির মিছিল ও সমাবেশ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা