ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মির্জাপুর গ্রামে এক জুট মিল শ্রমিকের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত নুরু বিশ্বাসের (২৫) নামে থানায় মামলা হয়েছে। ধর্ষণের চেষ্টার শিকার মেয়েটি মঙ্গলবার আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।
মধুখালী থানার এসআই আ. রব পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, রাজ্জাক জুট মিলের শ্রমিক দম্পতি ওই এলাকার মৃত আদম আলির বাড়িতে ভাড়া থাকেন। সোমবার সন্ধ্যায় স্বামী-স্ত্রী তাদের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বাসায় রেখে মিলে কাজ করতে গেলে বাড়ির মালিকের ছেলে নুরু বিশ্বাস ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নুরু পালিয়ে যান।
এদিকে, প্রভাবশালী একটি মহল মামলা তুলে নিতে এবং এলাকা ছাড়া করাসহ হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মেয়েটির বাবা।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শিশু ধর্ষণ প্রচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে মেয়েটির পরিবারকে হুমকি দেওয়ার বিষয়টি তিনি অবগত নন বলে জানান।
আরও পড়তে পারেন: অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরাই শক্তিশালী, ঢামেকের চারপাশে তারা ঘিরে থাকে
/বিটি/








