৩ বাড়ির গেটে গলাকাটা মুরগি: পুরো এলাকায় আতঙ্ক, মালিকরা বললেন ‘নিরাপত্তা চাই’

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২৬, ১৯:৩০ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৯:৩০

ঢাকার ধামরাইয়ে তিনটি বাড়ির প্রধান ফটকে কাফনের কাপড়, আতর, সাবান ও রক্তমাখা গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনও একসময় কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ওই বাড়ির মালিক এবং স্থানীয় লোকজন। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দুটি বাড়ির গেটে এসব জিনিসপত্র দেখেন বাড়ির লোকজন। এর আগে বুধবার রাতে মোসলেহ উদ্দিনের বাড়ির গ্রিলে একটি ব্যাগ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যে তিনটি বাড়িতে এসব জিনিসপত্র রেখে যাওয়া হয়েছে, সেগুলোর মালিকরা গত মাসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা হলেন মোসলেহ উদ্দিন এবং তার প্রতিবেশী মো. ওয়াহিদ ভূঁইয়া রিপন ও সেন্টু মিয়া।

মোসলেহ উদ্দিন বলেন, ‘গত ২৪ অক্টোবর গভীর রাতে আমার বসতঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছিল। সেই দুঃসহ ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার এই ঘটনা। যারা সে সময় আমার পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাকে সহযোগিতা করেছিলেন, ঠিক তাদের বাড়িগুলোতেই এবার কাফনের কাপড় পাঠিয়ে মৃত্যুর বার্তা দেওয়া হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’

তিনি আরও বলেন, আমার বাড়ির পাশে জমি কেনা নিয়ে একটি নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। ওই ব্যক্তি আমাকে বলেন, “ওই জমি আপনি কেন কিনলেন।” এরপর থেকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে।

একই আতঙ্কের কথা জানিয়ে ওয়াহিদ ভূঁইয়া রিপন জানান, রাতে মোসলেহ উদ্দিনের বাড়ির গ্রিলে ব্যাগ ঝুলতে দেখে তিনি সেখানে যান। বিষয়টি জানাজানি হলে এলাকার অনেক মানুষ সেখানে জড়ো হন। পরে মোসলেহ উদ্দিন ঘরে ফিরে গেলে তিনিও নিজের বাড়িতে চলে যান। তখন তার বাড়ির সামনে কিছু দেখতে পাননি। সকালে দরজায় কাফনের কাপড়, আতর, সাবান ও রক্তমাখা গলাকাটা মুরগি দেখতে পান।

তিনি বলেন, ‘এটা সাধারণ কোনও ঘটনা নয়। পূর্বশত্রুতার জেরে একটি চক্র পরিকল্পিতভাবে আমাদের পরিবারকে মানসিকভাবে ভেঙে দিতে এবং প্রাণনাশের হুমকি দিতেই এই ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে।’

আরেক ভুক্তভোগী সেন্টু মিয়া বলেন, ‘আমরা এলাকায় শান্তিতে বাস করতে চাই। প্রকাশ্য দিবালোকে বা রাতের আঁধারে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ও হুমকি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের পুরো পরিবার এখন আতঙ্কে ঘরের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার ও প্রশাসনের কাছে কঠোর নিরাপত্তা চাই।’

স্থানীয় বাসিন্দারা জানান, এ ঘটনার পর শুধু ওই তিন পরিবার নয়, পুরো চন্দ্রাইল গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

একের পর এক হুমকি ও বাড়ির সামনে কাফনের কাপড় রাখার ঘটনায় ভুক্তভোগীরা প্রথমে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। পরে ধামরাই থানায় গিয়ে লিখিতভাবে বিষয়টি পুলিশকে জানান।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, ‘খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
গৃহবধূর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, ইমাম গ্রেফতার
আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর, বিএনপি নেতার ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
সঞ্জয়ের গান আর রোবটের নাচে পর্দা উঠলো জমকালো সাফের 
সঞ্জয়ের গান আর রোবটের নাচে পর্দা উঠলো জমকালো সাফের 
চাচার শেষকৃত্যে গিয়ে পদ হারালেন যুব কংগ্রেস নেতা
চাচার শেষকৃত্যে গিয়ে পদ হারালেন যুব কংগ্রেস নেতা
৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি
৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি
বাংলালিংকের মাইবিএল অ্যাপ এখন ‘মুক্ত’
বাংলালিংকের মাইবিএল অ্যাপ এখন ‘মুক্ত’
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা