দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পরীক্ষা পেছানো হলে নতুন করে আয়োজন করতে দীর্ঘ সময় লাগবে। এতে শিক্ষার্থীদের সেশনজটে পড়ার আশঙ্কা রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী আপিলের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ভর্তি পরীক্ষা স্থগিতের আদালতের আদেশের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমও সমন্বিত হওয়ায় শেষ মুহূর্তে পরীক্ষা পেছানো জটিলতা তৈরি করবে বলে মনে করছে ঢাবি প্রশাসন। বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি থাকায় নতুন করে সূচি নির্ধারণ ও পরীক্ষা সম্পন্ন করতে আগামী মার্চ পর্যন্ত সময় লেগে যেতে পারে। এতে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় সব সময় শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে। সে অনুযায়ী শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় বিশ্ববিদ্যালয় আপিল করতে পারে।’’
এদিকে, হাইকোর্টের আদেশের পর বুয়েট তাদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। আগামী ১৬ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুধবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী কামরুন নাহার মাহমুদার রিট আবেদনে বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। এসব পরীক্ষার ফল ২৩ ডিসেম্বর প্রকাশের কথা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারাতে পারেন। তাঁদের সমান সুযোগ নিশ্চিত করতেই আদালতের দ্বারস্থ হন তিনি।
এর আগে ভর্তি পরীক্ষার সূচি পুনর্বিবেচনার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ঢাবিকে অনুরোধ জানিয়েছিল। ইউজিসির প্রস্তাব ছিল, পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর জানুয়ারিতে ভর্তি আবেদন এবং ফেব্রুয়ারি থেকে সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজন করা। তবে ৯ নভেম্বর সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় পূর্বঘোষিত সূচি বহাল রাখার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সূচি অনুযায়ী, ঢাবির ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল।