আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো

ফরিদপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১৯:৪২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৯:৪২

ফরিদপুরে কোনও গাড়ি পোড়ানো কিংবা ভাঙচুরের ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপন। একই সঙ্গে ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার এমন ঘটনার দায়দায়িত্বও বিএনপি নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্যাকে হত্যার প্রতিবাদে জেলা কৃষক দল ও মহানগর কৃষক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে একেএম কিবরিয়া স্বপন বলেন, ‘গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য প্রশাসনের ভেতরে-বাইরে নানা ষড়যন্ত্র চলছে। এর ধারাবাহিকতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে থানায় অগ্নিসংযোগ, দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ভাঙ্গায় কৃষক দল নেতা এবং নড়াইলে কৃষক দলসহ দুজনকে হত্যা করা হয়েছে। এই কাজগুলো করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ফরিদপুরে যদি কোনও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, আমরা আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়ে দেবো। একটা গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টা বাড়ি পুড়িয়ে দেবো। এর দায়দায়িত্ব তখন আমাদের কিংবা দলের থাকবে না।’

মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন এবং মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা হত্যার বিচার দাবি করেন।

গত মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়ে নিহত হন কৃষক দল নেতা রাজু মোল্যা। ওই সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

/এএম/ 
সম্পর্কিত
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নিয়ে এগোচ্ছে বাংলাদেশ: তিতুমীর
রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ নিয়ে এগোচ্ছে বাংলাদেশ: তিতুমীর
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ
নিজ দেশে ফিরতে চান ৮২.৬ শতাংশ রোহিঙ্গা 
নিজ দেশে ফিরতে চান ৮২.৬ শতাংশ রোহিঙ্গা 
রাজস্ব বাড়াতে পারলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত করা সম্ভব: বিশ্বব্যাংক
রাজস্ব বাড়াতে পারলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত করা সম্ভব: বিশ্বব্যাংক
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা