গাজীপুরের টঙ্গী ও গাজীপুরা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও সাধারণ মানুষ। অবরোধ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় হামলা-ভাঙচুরের মধ্যে পড়ে এক পথচারী আহত হন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভের একপর্যায়ে গাজীপুরা পুলিশ বক্সে হামলা চালিয়ে চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল বাইরে বের করে আনা হয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় পুলিশ বক্সে থাকা মামলার নথিপত্রও বের করে সড়কে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে তাদের সঙ্গে কিছু বহিরাগত যোগ দেন। পরে বিক্ষোভকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাধা দিলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, আন্দোলনকারীরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিকদের সরিয়ে দেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে একের পর এক সড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গাজীপুরের শিল্পাঞ্চলে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার পর টঙ্গী ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।