রাজাপুরে সবার প্রিয় ছিলেন অভিনেতা সোহেল খান, নিজ গ্রামেই হলো দাফন

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ২০:১০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২০:১০

গ্রামের মানুষের কাছে তিনি শুধু একজন অভিনেতা ছিলেন না, ছিলেন বিপদে-আপদে পাশে থাকা এক আপনজন। সামাজিক কোনও উদ্যোগে তাকে পাওয়া যেত সবার আগে। ধনী-গরিবের ভেদাভেদ না করে মিশতেন সবার সঙ্গে। পর্দায় আঞ্চলিক ভাষা, গ্রামীণ মানুষের জীবনযাপন ও সংস্কৃতি তুলে ধরলেও বাস্তব জীবনেও ছিলেন মাটির কাছাকাছি। অভিনেতা সোহেল খানের এমনই নানা স্মৃতি এখন ঘুরছে ঢাকার ধামরাইয়ের রাজাপুর গ্রামের মানুষের মুখে মুখে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা যান অভিনেতা সোহেল খান। তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই শোকের ছায়া নেমে আসে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে। 

বিকালে রাজাপুরে তার বাড়িতে গিয়ে দেখা গেছে, স্বজনেরা নির্বাক। কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কেউ আবার প্রিয় মানুষটির স্মৃতি মনে করে নীরবে বসে আছেন।

সোহেল খান ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের কাছে সোহেল খানের সবচেয়ে বড় পরিচয় ছিল তার অমায়িক স্বভাব। কারও সঙ্গে দূরত্ব তৈরি করতেন না। ছোট-বড় সবার সঙ্গে সহজেই মিশে যেতেন। সোহেল খানের ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খানের স্মৃতিতে উঠে এসেছে তার মামার সেই পরিচয়।

মোহাম্মদ নাহিদ হোসেন খান বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার যে রীতিনীতি, আচার-ব্যবহার, এগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তার ভেতরে অহংকার বলতে কোনও কিছু ছিল না। ধনী-গরিব তার কাছে কোনও ভেদাভেদ ছিল না।’

শুধু পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্কেই নয়, গ্রামের সামষ্টিক জীবনেও ছিল সোহেল খানের সরব উপস্থিতি। স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে উদ্যোগী ভূমিকা রাখতেন তিনি। রাজাপুরে একটি টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান।

মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘সম্পর্কে সোহেল খান আমার মামা হন। তিনি গ্রামের সামাজিক সব কাজের মধ্যেই যুক্ত ছিলেন। আমাদের এখানে যে টেকনিক্যাল কলেজ হয়েছে সেটির পেছনে মূল ভূমিকাই ছিল সোহেল মামার। সামাজিক এবং গ্রামের উন্নয়নের জন্য যেকোনও কাজ তার দ্বারা সম্ভব ছিল। সব কাজের মধ্যেই তিনি ছিলেন উদ্যোগী।’

গ্রামের মানুষের কাছে যে মানুষটি ছিলেন সামাজিক নানা কর্মকাণ্ডের পরিচিত মুখ, চলচ্চিত্র অঙ্গনেও তার ছিল আলাদা অবস্থান। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ও শেষ সময়ের স্মৃতি তুলে ধরেছেন ‘নসিব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান। সোহেল খানের মৃত্যুতে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরশাদ আদনান বলেন, ‘আমরা মাটির মানুষ, মাটির কাছেই থাকতে চাই। সোহেল ভাইও মাটির মানুষ ছিলেন। সবাইকেই একদিন মাটিতে মিশে যেতে হবে। যারা ভাইয়ের জানাজায় আসেননি, তারা হয়তো একসময় আফসোস করবেন, কেন শেষবারের মতো সোহেল ভাইকে দেখতে এলেন না। একজন গুণী মানুষকে সম্মান জানাতে না পারাটা ঠিক হয়নি।’

মৃত্যুর আগের দিন রাতেও সোহেল খানের সঙ্গে কথা হয়েছিল আরশাদ আদনানের। তার প্রযোজনায় নির্মিত সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত চার দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল।

শেষ রাতের সেই স্মৃতির কথা জানিয়ে আরশাদ আদনান বলেন, ‘সোহেল ভাই আমার প্রযোজনায় কাজ করছিলেন। গত চার দিন ধরে তিনি সেখানেই ছিলেন। গতকাল রাতেও তার সঙ্গে আমার কথা হয়েছে। রাত ১১টার দিকে আমরা শুটিং প্যাকআপ করি। তিনি খাওয়াদাওয়া করে নিজের মতো ছিলেন। তিনি আমাদের সিনিয়র শিল্পী, বড় ভাই ছিলেন। আমরা তাকে অনেক সম্মান করতাম। আমরা তাকে অনেক মিস করবো। শুধু আমার সিনেমা নয়, আমাদের চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ পুরো সাংস্কৃতিক অঙ্গনের জন্য তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি।’

পরিবারের সদস্যদের কাছেও সোহেল খান ছিলেন ভীষণ স্নেহের মানুষ। তার ফুপাতো ভাই আব্দুল আলীম খান সেলিমের সঙ্গে ছিল খুনসুটির সম্পর্ক। বকাঝকা করলেও কখনও রাগ করতেন না সোহেল। বরং আগের মতোই আবদার নিয়ে ফিরে আসতেন।

সেই সম্পর্কের স্মৃতি তুলে ধরে আব্দুল আলীম খান সেলিম বলেন, ‘সে আমার অত্যন্ত প্রিয় ছিল। অনেক সময় তাকে বকাঝকা করেছি, কখনও রাগ করেনি। উল্টো বলতো মিয়া ভাই আমার গালে একটা থাপ্পড় মারেন। তবুও আমি আপনার কাছে আসবো নানা আবদার করবো।’

মঙ্গলবার মাগরিবের নামাজের পর রাজাপুর ঈদগাহ মাঠে সোহেল খানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

টেলিভিশন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সোহেল খান। ২০০৭ সালে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘বউয়ের জ্বালা’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিনয়ের উল্লেখযোগ্য যাত্রা শুরু হয়।

এরপর ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২) সিনেমায় অভিনয় করেন।

বিভিন্ন সিনেমায় পার্শ্বচরিত্রের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা গেছে তাকে। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’, এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

পর্দায় নানা চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে সোহেল খানের পরিচয় ছিল একজন সহজ-সরল ও সবার কাছের মানুষ হিসেবে।

রাজাপুরের মানুষের স্মৃতিতে এখন সেই মানুষটিরই বিচিত্র সব গল্প।

/এফআর/
সম্পর্কিত
অভিনেতা সোহেল খানের মৃত্যু নিয়ে যা বললেন শেষ সিনেমার প্রযোজক
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ১০ কারখানায় কর্মবিরতি; বন্ধ ২০
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
সর্বশেষ খবর
খুলনার মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
খুলনার মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন
মডেল সিয়ামের মৃত্যু: তিন সহকর্মীর তিন দিনের রিমান্ড
মডেল সিয়ামের মৃত্যু: তিন সহকর্মীর তিন দিনের রিমান্ড
অভিনেতা সোহেল খানের মৃত্যু নিয়ে যা বললেন শেষ সিনেমার প্রযোজক
অভিনেতা সোহেল খানের মৃত্যু নিয়ে যা বললেন শেষ সিনেমার প্রযোজক
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ