পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে বললেন ‘আমি জীবিত ও সুস্থ আছি’

গাজীপুর প্রতিনিধি 
২৪ নভেম্বর ২০২৬, ২৩:৫৬ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২৩:৫৬

গাজীপুরে এক পোশাকশ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর কারখানার সামনে বিক্ষোভ করেছেন শ্রমিক ও স্থানীয় লোকজন। তবে ওই শ্রমিক নিজেই গাছা থানায় উপস্থিত হয়ে জানিয়েছেন, আমি জীবিত ও সুস্থ আছি। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার এস এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই নারী শ্রমিকের নাম দিলরুবা আক্তার মিলি। তিনি মহানগরীর গাছা থানাধীন ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার অপারেটর। মঙ্গলবার দুপুরে মধ্যাহ্নবিরতির পর কারখানায় ফেরার পথে বহিরাগত কয়েকজনের হামলা ও বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় তাকে মারধর করা হয় এবং তার পরিচয়পত্র নিয়ে যাওয়া হয়।

এরই মধ্যে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর সন্ধ্যা ৬টার দিকে কারখানার সামনে প্রায় ২৫০ থেকে ৩০০ শ্রমিক ও স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে গুজবের সত্যতা যাচাই এবং পরিস্থিতি শান্ত করতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে নিজেই গাছা থানায় উপস্থিত হন দিলরুবা। সেখানে তিনি নিজের সুস্থতার কথা পুলিশকে জানান এবং দুপুরের ঘটনার বর্ণনা দেন।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে দিলরুবা কারখানায় যাচ্ছিলেন। এ সময় কারখানার সামনে বহিরাগত কয়েকজন লোক তাকে এবং অন্যদের কারখানায় প্রবেশে বাধা দেন। সেই বাধা অতিক্রম করে কারখানায় প্রবেশের চেষ্টা করলে বহিরাগতদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সুইং অপারেটর ও অন্তঃসত্ত্বা নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি ব্যথা পান। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং নিজ বাসায় অবস্থান করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুপুরের ঘটনার পর কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে প্রায় ৩০০ লোক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ গুজবের সত্যতা যাচাইয়ের উদ্যোগ নেয়। পরে দিলরুবা নিজেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা নিশ্চিত করেন।

থানায় উপস্থিত হয়ে দিলরুবা আক্তার মিলি বলেন, ‘আমি দিলরুবা আক্তার মিলি। আমার কার্ড নম্বর ৭৩৮৮। আমি ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের অপারেটর। মঙ্গলবার মধ্যাহ্নবিরতির পর অফিসে যাওয়ার পথে কিছু বহিরাগত লোকজন আমার ওপর হামলা করে। হামলার পর আমি তাদের বলেছি, আমি অন্তঃসত্ত্বা, আমাকে ছেড়ে দেন। তারা আমাকে না ছেড়ে আমার কাছ থেকে অফিসের পরিচয়পত্র নিয়ে যায়। এখন অনেকে গুজব ছড়াচ্ছে, আমি মারা গেছি। কিন্তু আল্লাহর রহমতে সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না।’

তিনি আরও বলেন, ‘ছোট ছোট পোলাপান আমার ওপর হামলা করেছে। তারা আমার গায়ে আঘাত করেছে। আমার হাত ধরে টান দিয়েছে। আমার আইডি কার্ড (পরিচয়পত্র) ছিনিয়ে নিয়েছে। আমি তাদের বারবার বলেছি, আমি প্রেগন্যান্ট। তবুও তারা আমাকে ছাড়েনি।’

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাধারণ শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা এবং মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

/এএম/ 
সম্পর্কিত
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে সড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ 
১৪ বছরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, অনিশ্চয়তায় তাজরীনের আহত শ্রমিকদের জীবন
সর্বশেষ খবর
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট 
ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি বন্দি, কারাগারে মানবিক সংকট 
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
জল্পনার অবসান, আইপিএল নিলামে নেই মোস্তাফিজের নাম
জল্পনার অবসান, আইপিএল নিলামে নেই মোস্তাফিজের নাম
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী