গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ইসলাম গার্মেন্টসের এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর জেরে ইসলাম ও রিপন গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। পরিস্থিতির কারণে ওই দুই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।