প্রস্তাবিত বেতন নিয়ে যা বলছেন পোশাকশ্রমিকরা

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৮

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ বৈঠক শেষে নিম্নতম মজুরি বোর্ড মঙ্গলবার দিবাগত রাতে এই সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে মজুরি চূড়ান্ত করা হয়।

বাবুল আখতার বলেন, ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে সভা শুরু হয়। সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।

এ ছাড়া মালিকপক্ষ থেকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষ থেকে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম বিশেষজ্ঞ হিসেবে সভায় উপস্থিত ছিলেন।

পোশাকশিল্প খাতের মজুরি নির্ধারণে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয় সোমবার। পরে মঙ্গলবার দীর্ঘ আলোচনা করেও মজুরির বিষয়ে একমত হয় সব পক্ষ।

নব্বইয়ের দশকের শুরুতে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৬২৭ টাকা। ১৯৯৪ সালে তা ৪৮ শতাংশ বেড়ে হয় ৯৩০ টাকা। এরপর প্রায় তিন দশকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ১১ হাজার ৫৭০ টাকা। সর্বশেষ ২০২৩ সালে ন্যূনতম মজুরি ৫৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়।

যা বলছেন শ্রমিকেরা

গাজীপুরের কোনাবাড়ী এলাকার রিপন নিট ওয়্যার লিমিটেডের ট্রিমিং অপারেটর জোসনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রতি মাসে ওভারটাইমসহ ১৮ থেকে ২০ হাজার টাকা বেতন পাই। পাঁচ সদস্যের সংসারে রয়েছে স্বামী-স্ত্রী ও আমাদের দুই ছেলে ও এক মেয়ে। সন্তানদের লেখাপড়া, বাসাভাড়া, থাকা-খাওয়ার খরচ কোনোমতে চলে। সংসারের খরচ মেটাতে প্রতি মাসে পাঁচ হাজার টাকা ঋণ করতে হয়।’

জোসনা বেগম বলেন, ‘বেতনের তিন ভাগের এক ভাগ চলে যায় বাসাভাড়া, গ্যাস, চাল ও কাঁচামাল কেনার খরচে। মাসে একবারও বাচ্চাদের গরুর মাংস কিনে খাওয়ানোর সাহস করতে পারি না। মাঝেমধ্যে ব্রয়লার মুরগি কিনে তাদের মনের আশা পূরণ করি। বেতন বাড়লে ভালোভাবে চলতে পারবো আমরা।’

একই কথা বলেছেন ইসলাম নিট ওয়্যার লিমিটেডের সুইং অপারেটর কল্পনা আক্তার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘরভাড়া ও ছেলেমেয়েদের চিকিৎসার খরচ চালানোর পর হাতে কোনও টাকা থাকে না। পরে দোকান থেকে বাকিতে বাজার করতে হয়। প্রতি মাসেই দোকানে বাকি থেকে যায়। কারণ বেতন কম আমার। বাসার মালিকেরা এক মাসের ভাড়াও বাকি রাখতে চান না। নিত্যপণ্যসহ অন্যান্য জিনিসের দাম যেভাবে বাড়ছে, সেভাবে আমাদের বেতন বাড়েনি। অল্প বেতনে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।’

শ্রীপুরের ডেনিমেক পোশাক কারখানার অপারেটর আবদুল জলিল জানান, তিনি ও তার স্ত্রী দুজনই পোশাক কারখানায় চাকরি করেন। দুজনের মিলিত বেতন ৪০ হাজার টাকার মতো। বাড়িতে অসুস্থ বৃদ্ধ মা-বাবা ও শ্বশুর-শাশুড়ি রয়েছেন। তাদের চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ প্রতি মাসে ২০ হাজার টাকা পাঠাতে হয়। বাকি ২০ হাজার টাকা দিয়ে কোনোমতে সংসার চালাতে হয়। অনেক সময় ধারদেনা করতে হয়, দোকান থেকেও বাকিতে মালামাল আনতে হয়। বেতনটা বাড়লে আমাদের সবার উপকার হবে।’

শ্রীপুরের বৈরাগীরচালা এলাকার আমান টেক্স লিমিটেডের অপারেটর রেজাউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবি করেছিলাম। সরকার আমাদের দাবি মেনে নেয়নি। সরকারি চাকরিজীবীদের আন্দোলন, মিছিল-মিটিং ছাড়াই তাদের বেতন বাড়িয়ে দিয়েছে সরকার। তারা অনেক টাকা বেতন পান। আমরা যারা পোশাকশ্রমিক, আমাদের বেতন বাড়াতে গেলে কেন টালবাহানা করে? আমাদের বেতন বাড়ানোর জন্য কেন আন্দোলন করতে হয়?’

ফখরুদ্দিন গার্মেন্টসের শ্রমিক জয়নাল আবেদীন বলেন, ‘কেন ৩০ হাজার টাকা বেতন চাইছি আমরা? কারণ গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুৎ বিল বেড়েছে, চালের দাম বেড়েছে। কাঁচামালসহ অন্যান্য জিনিসের দাম প্রতিদিনই বাড়ছে। বর্তমানে যে বেতন পাচ্ছি, তার সবটুকুই ঘরভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাসের (সিলিন্ডার) খরচ, চাল-ডাল ও দৈনন্দিন বাজারে চলে যায়। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতে পারি না। এক হাজার টাকা বেতন দিয়ে ছেলেমেয়েকে মাদ্রাসায় পড়াবো, সেটাও দিতে পারি না। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিয়েছে সরকার। তাতে সমস্যা নেই। সরকার ও মালিকপক্ষ মিলে শ্রমিকদের বেতন বাড়ালে আমরা ভালো থাকবো, উৎপাদন ভালো হবে, রফতানি বাড়বে। আমরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, দেশের উন্নয়ন হবে।’

/এএম/এএস/
সম্পর্কিত
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
পোশাকশ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় এসে বললেন ‘আমি জীবিত ও সুস্থ আছি’
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
সর্বশেষ খবর
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
বোর্ডে ভোটাভুটি শেষে পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
নায়ক থেকে খলনায়ক, গিয়োকেরেসের ভুলে জয়হীন আর্সেনাল
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ নভেম্বর, ২০২৬)
পিছিয়ে পড়েও বেলিংহ্যাম-এমবাপ্পের ঝলকে রিয়ালের গোল উৎসব
পিছিয়ে পড়েও বেলিংহ্যাম-এমবাপ্পের ঝলকে রিয়ালের গোল উৎসব
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী