প্রথমার্ধে পিছিয়ে পড়েও জুড বেলিংহামের দূরপাল্লার চোখধাঁধানো গোল এবং কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে পিএসভি আইন্দহোভেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে টানা পাঁচ ম্যাচেই জয় পেলো রিয়াল।
ম্যাচের প্রথমার্ধে অবশ্য পিছিয়ে ছিল হোসে মরিনিয়োর দল। পেনাল্টি থেকে গোল করে পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। বক্সের মধ্যে সভেন মাইনান্সকে ফাউল করার দায়ে অরেলিয়েন চুয়ামেনিকে পেনাল্টির বাঁশি শোনান রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি পেরিসিচ। বিরতির আগে আর কোনও গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে ডাচ ক্লাবটি।
বিরতির পর বদলি হিসেবে জুড বেলিংহ্যামকে মাঠে নামান মরিনিয়ো। এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যে সমতায় ফেরে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস থেকে আর্দা গুলারের ব্যাকহিল পাস পেয়ে প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান ফেদেরিকো ভালভার্দে।
এরপর ম্যাচের ৬০ মিনিটে অসাধারণ এক গোলে রিয়ালকে এগিয়ে দেন বেলিংহ্যাম। প্রায় ২৫ গজ দূর থেকে বল পেয়ে সেটি শূন্যে তুলে ডান পায়ের বাইরের অংশ দিয়ে দুর্দান্ত ভলি করেন ইংলিশ মিডফিল্ডার। তার নিচু হয়ে আসা শট ঠেকানোর কোনও সুযোগই পাননি পিএসভি গোলরক্ষক মাতেই কোভার।
চার মিনিট পর ব্যবধান বাড়ান এমবাপ্পে। কোদাই সানোর ভুলে বল পেয়ে আক্রমণ সাজান আর্দা গুলার। তার বাড়ানো বল থেকে সহজেই লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে টানা সাত ম্যাচে গোল করার কীর্তিও গড়েন তিনি।
ম্যাচের ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। বদলি হিসেবে নামা ব্রাহিম দিয়াজের পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। যোগ করা সময়ের কাছাকাছি বেলিংহ্যামের পাস থেকে গোল করে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন ভিনিসিয়ুস জুনিয়র।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ৩৬ দলের লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। তবে বুধবার পার্ক দে প্রিন্সেসে রোমার মুখোমুখি হবে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ওই ম্যাচে জিতলে রিয়ালকে টপকে শীর্ষে উঠতে পারে পিএসজি।
টুপি গিলে প্রাণ হারানো ফিওনার জন্য দর্শকপ্রতি অনুদান দেবে মেসিদের লিগের ক্লাব