গাজীপুরের শ্রীপুরে নির্বাচনোত্তর সহিংসতায় এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে উপজেলার গোসিংগা মধ্য বাজারে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম হযরত আলী সরদার (৫৫)। তিনি শ্রীপুর উপজেলার লতিফপুর উত্তরপাড়া গ্রামের মৃত বদরউদ্দিন সরদারের ছেলে। হযরত আলী গোসিংগা বাজারে বাঁশের ব্যবসা করতেন।
স্বজনদের অভিযোগ, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থীর সমর্থকরা ওই ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে।
নিহত হযরত আলীর বড় ভাই আসাদ আলী সরদার জানান, গোসিংগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী শাহজাহান সরকারের সমর্থক ছিলেন হযরত আলী।
তিনি আরও জানান, শাহজাহান সরকারের আরেক সমর্থক ফকির মোহাম্মদ আবদুল্লাহকে রবিবার রাত ৯টার দিকে গোসিংগা উচ্চ বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে মারধর করছিল দলের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী বরকত আলী খোকার সমর্থকরা। টের পেয়ে হযরত আলী ছুটে গিয়ে ফকির মোহাম্মদ আবদুল্লাহকে উদ্ধারের জন্য গেলে তাকেও খোকার সমর্থকরা মারধর করেন।
আরও পড়ুন: তার একটাই দোষ তিনি বুদ্ধিজীবী
সকাল সোয়া ১০টার দিকে খোকার সমর্থকদের সঙ্গে গোসিংগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ ফকিরের ছেলে ইকবাল হোসেন দোলনসহ শাফায়াত হোসেন মোড়ল, লতিফ মোড়ল, কামাল হোসেন খান, দেলোয়ার হোসেন ফকিরের বাগবিতণ্ডা হয় হযরত আলীর। এ সময় তার ছোট ভাইকে মারধর করা হয়।
এতে হযরত আলী অজ্ঞান হয়ে পড়লে হামলাকারীরা চলে যান। এরপর বাজারের ব্যবসায়ীরা হযরত আলীকে উদ্ধার করে তাৎক্ষণিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, নিহতের গায়ে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/এইচকে/








