মাদারীপুরের শিবচর উপজেলায় জমি জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে একজন নিহত হয়েছেন। এ সময় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে আহত হন পাঁচজন। নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত বোরহানউদ্দিন চরকামারকান্দি গ্রামের আনোয়ারউদ্দিন আকনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, চরকামারকান্দি গ্রামের বোরহানউদ্দিন আকন ও মোহাম্মদ আলী আকনের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে সালিশ বৈঠকের কথা ছিল। কিন্তু সালিশ শুরুর আগেই মোহাম্মদ আলী আকন তার পক্ষের লোকজন নিয়ে বোরহাউদ্দিন আকনের উপর হামলা চালিয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বোরহানউদ্দিন আকন নিহত হন। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে পাঁচজন আহত হন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে হাতুড়ির আঘাতে প্রতিপক্ষের একজন নিহত হয়েছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা ও নাম পরে জানানো হবে।
আরও পড়ুন:
সিসিটিভি ফুটেজে তিন তরুণের চেহারা স্পষ্ট
/বিটি/







