‘খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে মামলা দিচ্ছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের কোনও প্রতিহিংসা নেই। শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনের সময় তিনি এসব বলেন।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া গত ৭ বছর ধরে কখনও জঙ্গি তাণ্ডব, কখনও সংসদকে অচল করার চক্রান্ত, কখনও আগুন যুদ্ধে মানুষ পুড়িয়ে ও দেশি-বিদেশি মহলের সঙ্গে চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করেছে এবং অবৈধ পথে সরকার পতনের চেষ্টা করেছে। সুতরাং খালেদা জিয়ার বিরুদ্ধে কোনও মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকার দেয়নি।
একাত্তরের যুদ্ধাপরাধীদের যেভাবে রেহাই দেওয়া হয়নি, মানুষ পোড়ানোর জন্যও কাউকে রেহাই দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশে যাতে আর কোনওদিন মানুষ পোড়ানো বা গুপ্ত হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে না পারে সেজন্য এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ইনু বলেন, জঙ্গি, রাজাকার এবং ১৯৭১, ১৯৭৫ আর ২১ আগস্টের খুনিদের পাশাপাশি বিএনপি এবং খালেদা জিয়ার সঙ্গে সম্প্রতি ইহুদি সংযোগ হয়েছে। এর মধ্যদিয়ে বেগম জিয়া একদিকে দেশ ও গণতন্ত্রের শত্রু, আরেকদিকে ইসলামের শত্রু হয়ে দেখা দিয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, মিরপুর উপজেলার দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন: মোসাদের সঙ্গে বিএনপির সম্পর্ক খতিয়ে দেখা হোক: তরিকত ফেডারেশন
/এমও/টিএন/








