চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে চলতি অর্থ বছর শেষ হওয়ার আগেই রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। বিগত ৫ বছরের চেয়ে এবার ২৪ গুণ বেশি রাজস্ব আদায় করেছে দর্শনা কাস্টমস শুল্ক কর্তৃপক্ষ। এই বিষয়টিকে দেশের জন্য ইতিবাচক বলে জানিয়েছেন দর্শনা আন্তর্জাতিক রেল বন্দর কাস্টমসের সহকারী কমিশনার আবুল ইসলাম।
দর্শনা আন্তর্জাতিক কাস্টমস সুপার মোস্তফা কামাল চৌধুরী জানান, দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে ২০১৫-১৬ অর্থ বছরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২ কোটি ১৫ লাখ টাকা। এই অর্থ বছরের ১৯ মে পর্যন্ত দর্শনা রেল বন্দরে রাজস্ব আদায় হয়েছে ৪৮ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ১০৬ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ গুণ বেশি।
দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে ২০১৪-১৫ অর্থ বছরে ১১ কোটি ১১ লাখ ৭৭ হাজার টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও আদায় হয়েছিল ৩ কোটি ৫ লাখ ৩২ হাজার ৬৫০ টাকা। ২০১৩-১৪ অর্থ বছরের ১৯৫ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও আদায় হয় ১৯৩ কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৯৭৩ টাকা। ২০১২-১৩ অর্থ বছরে ৩২ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও আদায় হয় ৪০ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ৯০৪ টাকা। ২০১১-১২ অর্থ বছরে ৮ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হলেও আদায় হয় ৮ কোটি ৪ লাখ ৩১ হাজার ৩৪৮ টাকা।
এ ব্যাপারে দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কাস্টমস সহকারী কমিশনার আবুল ইসলাম বলেন, দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরের মালামাল ভারত থেকে ট্রেনের ৪০টি বগিতে (১টি র্যাকে) করে আনা হয়। মালামাল আমদানি করতে হলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এই কারণে ছোট খাটো আমদানিকারক মালামাল আনতে পারে না। এই ক্ষেত্রে আন্তর্জাতিক রেলওয়ের পাশাপাশি সড়ক পথে আমদানি করলে এই বন্দরে রাজস্ব অনেক বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
সব অ্যাম্বুলেন্সই অ্যাম্বুলেন্স নয়, আছে ঝুঁকিও
/জেবি/টিএন/








