ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্রে রবিবার সকালে এক ব্যক্তিকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ হাসানুল ফারুক (৫৫) রেজাউল করিম ফিলিং স্টেশনের ম্যানেজার। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ হাসানুল ফারুক শহরের হামদহ এলাকার শহিদুল ইসলামের ছেলে।
হাসপাতালের সাজন ডা. জাহিজদুর রহমান জানান, হাসান ফারুকের মাথার মাঝখানে গুলি লেগেছে। এতে উপরের চামড়া ছিঁলে গেছে। বলা যায় তিনি আশঙ্কামুক্ত। তারপরও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঝিনাইদহ পূবালী ব্যাংকের ম্যানেজার হাসানুজ্জামান জানান, রবিবার বেলা ১০টার দিকে হাসানুল ফারুক ফিলিং স্টেশনের টাকা জমা দিতে ব্যাংকে আসছিলেন। তিনি ব্যাংকের সিড়ির মধ্যে ওঠা মাত্রই আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও জানান, যাওয়ার সময় দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে আরো এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়।
ম্যানেজার হাসানুজ্জামান বলেন, আমি জানতে পেরেছি হাসান ফারুকের কাছে নগদ ১০ লাখ আট হাজার টাকা ও চার লাখ পঞ্চাশ হাজার টাকার চেক ছিল।
এদিকে, ব্যাংকের সিড়ির মধ্যে গুলির শব্দ শুনে আগত গ্রাহকরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শহরে ছুটোছুটি শুরু হয়ে যায়। একেবারেই শহরের প্রাণ কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটিয়ে দুর্বৃত্তরা নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার ঘটনায় সবাই হতবাক।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন:
কিশোরগঞ্জে নৌকাডুবি: ৫ নারী আনসার সদস্য নিহত
/বিটি/








