কিশোরগঞ্জের মিঠামইনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকা ডুবে পাঁচ নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৫টার দিকে মিঠামইন উপজেলা সদরের মিঠামইন বাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোমেনা আক্তার (৩৫), সাবিনা আক্তার (৩২), হাসিনা বেগম (৪০), বিউটি আক্তার (৩৫), ও আম্বিয়া খাতুন (৩৭)। তারা সবাই নিকলী উপজেলা আনসার ক্যাম্পের সদস্য এবং বাড়ি নিকলী উপজেলার বিভিন্ন গ্রামে। নিহত প্রথম চারজনকে দুর্ঘটনার পর পরই উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে আম্বিয়ার লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস ও পুলিশ সুপার আনোয়র হোসেন খান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাদের উপস্থিতিতে দুপুর ১২টায় ময়না তদন্ত ছাড়াই নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। তারা দুইদিন পরিশ্রম করে নির্বাচনি কাজ সফলভাবে শেষ করে বাড়িতে ফেরার সময় এ ঘটনার স্বীকার হন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দাফন সম্পন্নের জন্য নগদ ২০ হাজার টাকা ও ৫০ কেজি করে চাল দিয়েছি।
তিনি বলেন, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রতিকারের বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হেসেন জানান, নৌকাডুবিতে আর কোনও লাশ পাওয়ার সম্ভাবনা না থাকায় উদ্ধার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
নির্বাচনি দায়িত্ব পালন শেষে আনসার সদস্যরা ইঞ্জিন চালিত নৌকায় অন্য সাধারণ যাত্রীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন। নৌকায় অতিরিক্ত যাত্রী থাকায় মিঠামইন বাজার ঘাট থেকে ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই ডুবে যায়।
আরও পড়ুন:
রাজশাহী থেকে ছুটবে লাল-সবুজ ট্রেন, গতি হবে ১৪০ কিমি
/বিটি/







