সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সঞ্জিত অধিকারী (৩৫) নামে এক চরমপন্থী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১০ জুন) দিনগত রাত দেড়টার দিকে তালা উপজেলার তেঘরিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চারা বটতলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিটি পার্টির আঞ্চলিক নেতা মোজাফফর সানা নিহত হন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় শাটারগান, তিন রাউন্ড গুলি ও একটি মোটর সাইকেল উদ্ধার করে।
শুক্রবার গুলিবিদ্ধ সঞ্জিত অধিকারী একই উপজেলার জালালপুর গ্রামের কার্তিক অধিকারীর ছেলে ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী পুলিশের অভিযানের অংশ হিসেবে তালা থানার এসআই রইচউদ্দিনের নেৃতত্বে একটি দল খেশরা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় যাচ্ছিল। পথে তেঘরিয়া মোড়ে পৌঁছে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দলকে দেখতে পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে এএসআই বাদশা আহত হন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে সঞ্জিত আহত হন। অন্যরা পালিয়ে যায়। পরে সঞ্জিতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধ সঞ্জিত ১০ জুন ভোররাতে বন্দুকযুদ্ধে নিহত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক নেতা মোজাফফর সানার একান্ত সহযোগী বলে জানিয়েছেন এসআই কামাল হোসেন।
আরও পড়ুন-
যে পরিস্থিতিতে দেশে ফিরবেন তারেক রহমান!
ক্রসফায়ারের মুখেও বেপরোয়া জঙ্গিরা
/এফএস/








