সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১০টি ফিশিং ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিম। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ও চরখালীর মাঝেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিমের প্রধান ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মেহেদী হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে আটক জেলেদের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।
বন বিভাগ জানায়, সুন্দরবনে বারবার অগ্নিকাণ্ডের ঘটনার পর পূর্ব সুন্দরবনে সব ধরনের পাশ-পারমিট বন্ধ করে দেওয়া হয়। এরপর ওয়ার্ল্ড হ্যারিটেজ এই বনের সুরক্ষায় আন্তর্জাতিক মানের স্মার্ট প্রেট্রোলিং টিম অভিযান শুরু করে। এর মধ্যে গত ২৫ জুন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বন বিভাগ। এই সুযোগে জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ শিকার শুরু করে।
বৃহস্পতিবার সকালে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর এলাকা থেকে ৬টি ফিশিং ট্রলারসহ ১২ জেলে ও চরখালীর মাঝেরচর এলাকার বলেশ্বর নদীর পশ্চিম পাড় থেকে ৪টি ফিশিং ট্রলারসহ ৪ জেলেকে আটক করে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। এসময় বেশ কয়েকজন পালিয়ে যায়। পালিযে যাওয়া ওইসব জেলেদের আটক করতে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা অভিযান চালাচ্ছে।
শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং টিমের প্রধান মেহেদী হাসান খান জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনের ২৬/১ (ক) ধারায় মামলা দায়ের করা হবে।
/এআর/
আরও পড়তে পারেন : পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক








