কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি সন্দেহে আবু দাউদ পাপ্পু (২০) নামে এক যুবক ও ফিরোজ প্রামাণিক (৪০) নামে চরমপন্থী দলের এক নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেল ৫টায় কুষ্টিয়া র্যাব ক্যাম্পে র্যাব-১২ এর কমান্ডিং অফিসার শাহাবুদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটক পাপ্পু পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার কাজীপুর দক্ষিণ পাড়ার সরোয়ার হোসেনের ছেলে ও চরমপন্থী নেতা ফিরোজ প্রামাণিক মিরপুর উপজেলার কাজীপুর মধ্যপাড়ার হারেজ উদ্দিনের ছেলে।
ব্রিফিংয়ে কুষ্টিয়া র্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আবু দাউদ পাপ্পুকে বুধবার রাতে ভেড়ামারা উপজেলার হলবাজার বক চত্বর থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে আটক আবু দাউদ জানায় এসব অস্ত্র ও গুলি তার নিজ গ্রামের চরমপন্থী দলের নেতা ফিরোজ প্রামাণিকের কাছ থেকে সংগ্রহ করেছে। পরে র্যাব ফিরোজ প্রামাণিকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ফিরোজের ঘরে তল্লাশি করে একটি কাটা রাইফেল ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আবু দাউদ জঙ্গি সংগঠনের জন্য চরমপন্থী দলের কাছ থেকে অস্ত্র সংগ্রহের দায়িত্বে ছিলেন।
আরও পড়ুন:
ফরিদপুরে জুয়েলারির দোকানে ডাকাতি হয় যেভাবে (ভিডিও)
যশোরে আরও পাঁচজনের জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ
/বিটি/








