সুন্দরবনে ‘পাইরেটস হান্ট’ এর দ্বিতীয় দিনে কয়রার দক্ষিণ বেদকাশি এলাকা থেকে একটি নৌকাসহ মিন্টু মিয়া (৪০) নামে এক দস্যুকে গ্রেফতার করা হয়েছে। তিনি বনদস্যু আল-আমিন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন্স কর্মকর্তা লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে মিন্টু মিয়াকে কয়রার জোড়সিং ঘাটের জাভা নদী থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি দক্ষিণ বেদকাশির মোল্লাপাড়ায়।
তিনি আরও জানান, আল-আমিন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মিন্টু মিয়া এক জিম্মির পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নৌকায় কয়রাস্থ জোড়াশিং ঘাটের জাভা নদীতে প্রবেশ করে। এ সময় কোস্টগার্ড সেই নৌকাসহ মিন্টুকে আটক করে। মিন্টুকে কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান অভিমত ব্যক্ত করে বলেন, বনদস্যু ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ড ও নৌবাহিনীর এই যৌথ অভিযান আরও জোরদার করা হয়েছে। দস্যুরা বর্তমানে সুন্দরবনের সম্পদ চোরাচালান ও অসাদু উপায়ে লাভবান হওয়ার জন্য অনৈতিক কার্যকালাপে লিপ্ত রয়েছে। দস্যু দমন প্রচেষ্টা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পাইরেটস হান্ট অভিযানে শুক্রবার বিকাল পর্যন্ত বনের ভেতরে থাকা দস্যুদের দুটি আস্তানা ধ্বংস করা হয়েছে। অভিযানকালে ওই আস্তানায় পাওয়া ওয়াচ টাওয়ার ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সুন্দরবনে দস্যুদের ওয়াচ টাওয়ার!
/বিটি/








