খুলনার কয়রায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু সাইজা বাহিনীর প্রধান আবু বকর (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার সকালে সুন্দরবনের ভেতরে ফুলতলা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি ও দুটি রাম দা উদ্ধার করা হয়েছে।
র্যাব- ৬ এর সহকারী পরিচালক মো. জাহিদ হোসেন জানান, সুন্দরবনের ফুলতলা এলাকায় জলদস্যুরা অবস্থান করছে এমন তথ্য পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়। সকাল সাড়ে ৭টার দিকে সেখানে পৌঁছানো মাত্র জলদস্যুরা গুলি চালায়। র্যাব ও পুলিশ সদস্যরাও পাল্টা গুলি করে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে দস্যুরা পিছু হটে। পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ একটি লাশ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি পয়েন্ট টু টু বোর রাইফেল, চার রাউন্ড গুলি ও দুটি রাম দা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ লাশটি সাইজা বাহিনী প্রধান আবু বক্করের। তার বাড়ি কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বাজিয়াডাঙ্গা এলাকায়। লাশ থানা পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
খুলনার পুলিশ সুপার মো. নিজামউল হক মোল্লা বলেন, র্যাবের অভিযানকালে কয়রা এলাকায় সুন্দরবনের ভেতরে বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছে। র্যাবের এ অভিযানে কয়রা থানা পুলিশ সহযোগিতা করে।
আরও পড়ুন:
রামপাল ইস্যুতে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
/বিটি/








