সুন্দরবনের ধানসিদ্ধি এলাকা থেকে অস্ত্রসহ বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
তারা হলো বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা এলাকার ননসেন গ্রামের ইউনুস আলী ওরফে লাদেন ওরফে মুসা (৩৫) এবং সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামের আশরাফ হোসেন রাজু (৪০)। তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিমজোনের স্টাফ অফিসার অপারেশনস লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মংলা উপজেলার ধানসিদ্ধি এলাকায় অস্ত্রসহ অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে দুজনকে আটক করা সম্ভব হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
আটক দস্যুদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিকালে মংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
জঙ্গি তামিম চৌধুরীর সহযোগী কামরান গ্রেফতার
/বিটি/








