আশুরা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭ অক্টোবর থেকে ৬ দিন দেশের সর্বাবৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ থাকবে।
তবে সীমান্ত দিয়ে যাত্রীরা চলাচল করতে পারবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মাফিজুর রহমান সজন জানান, পূজার জন্য ৫ দিন ও আশুরা উপলক্ষে একদিন ভারতের পেট্রোপোল বন্দর বন্ধ থাকবে বলে ওই বন্দরের ব্যবসায়ীরা মৌখিকভাবে তাদের জানিয়েছেন।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, এখন পর্যন্ত তারা ছুটির কাগজপত্র হাতে পাননি। তবে পূজা ও আশুরা উপলক্ষে ১১ ও ১২ অক্টোবর এই ২ দিন বন্দরে সরকারি ছুটি থাকবে। উক্ত দুদিন ছাড়া বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।
আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলে ও পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত ওসি তদন্ত মমিনুর রহমান।
/এসটি/







