যশোরের নওয়াপাড়ায় নূরবাগে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির রাজপথ ও রেলপথ অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সংগ্রাম কমিটির নেতাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বুধবার সকালে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া প্রেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে সহস্রাধিক জলাবদ্ধ মানুষ নূরবাগে এলাকায় রাস্তার ওপরে বসে পড়লে পুলিশ অতর্কিতে লাঠিচার্জ শুরু করে। এতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব চৈতন্য পাল, সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারী রায়সহ ৬০-৭০ জন নারী, পুরুষ, শিশু আহত হন। এদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আন্দোলন কমিটির নেতারা অভিযোগ করেন, পুলিশ সম্পূর্ণ বিনা উস্কানিতে জলাবদ্ধ এলাকার দুর্গত মানুষের ওপর হামলা চালিয়েছে।
সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব চৈতন্য কুমার পাল জানান, তারা স্বাধীনতা চত্বরে পৌঁছে রাস্তার ওপরে বসে পড়লে পুলিশ হামলা করে। এছাড়া সংগ্রাম কমিটির নেতৃবৃন্দকে উদ্দেশ করে নানা খিস্তি-খেউড় করতে থাকে। পুলিশের এমন ভূমিকায় সাধারণ মানুষের মাঝে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। জলাবদ্ধ মানুষ সংঘবদ্ধ হয়ে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় পশু হাসপাতালের সামনে বিক্ষোভ-সমাবেশ করেছেন।
সমাবেশে পুলিশের হামলায় আহত সংগ্রাম কমিটির নেতা ইকবাল কবির জাহিদসহ অন্য নেতারা বক্তৃতা করেন।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে অভয়নগর থানার ওসি আনিসুর রহমান জানান, আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
তিনি পুলিশি হামলার কথা অস্বীকার করে বলেন, ‘জলাবদ্ধ এলাকার মানুষের জন্যে সরকার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। তাদের সড়ক অবরোধ করার কী দরকার!’
সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী জানান, সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজপথে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু পুলিশ তাদের রাস্তায় জড়ো হতেই দেয়নি। এছাড়া পুলিশ নারী-পুরুষ নির্বিশেষে লাঠিপেটা করে তাদের আহত করেছে।
উল্লেখ্য, গত দু’মাসের জলাবদ্ধতার কারণে ভবদহ এলাকার মানুষ ক্ষুব্ধ। পানি নিষ্কাশনে একটি স্কেভেটর ব্যবহার করায় পানি নামছে না। সে কারণে জলাবদ্ধ যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুরের মানুষ আন্দোলন সংগ্রাম করছেন। পানি থেকে বাঁচতে সংগ্রাম কমিটির আন্দোলনের কর্মসূচি হিসেবে গত ৩০ সেপ্টেম্বর আজকের এই কর্মসূচি ঘোষণা করেন।
/বিটি/








