ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি যশোরের অভয়নগর থানার ওসির শাস্তি দাবিতে স্মারকলিপি দিয়েছে। সোমবার দুপুরে যশোর জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া স্মারকলিপিতে ওসির শাস্তি ছাড়াও সংগ্রাম কমিটির দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর স্মারকলিপি গ্রহণ করেন এবং তা দ্রুত প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর আশ্বাস দেন।
স্মারকলিপিতে গত ৫ অক্টোবর শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়ায় আন্দোলনরত পানিবন্দি মানুষ এবং সংগঠকদের ওপর পুলিশি হামলার বর্ণনা দিয়ে বলা হয়, ‘ইতিপূর্বে সাধারণ মানুষের দাবি দাওয়ার আন্দোলন দমনে পুলিশি নির্যাতনের এমন ঘটনা ঘটেনি।'
স্মারকলিপিতে বলা হয়, ‘পুলিশ বিনা উস্কানিতে জনতার ওপর বেধড়ক লাঠি চালিয়েছে। বাদ যায়নি নারী ও শিশুরাও। পুলিশ আন্দোলনের প্রধান সংগঠকদের পিটিয়েছে। এতে সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ও জেলা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদ, সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, সমন্বয়ক অধ্যাপক বৈকুণ্ঠ বিহারী রায়, চৈতন্য পাল, বিধান টিকাদার, শিবুপদ, নাজিমউদ্দিন, কিশোর রায়, রাজু আহমেদসহ আহত হন অর্ধশতাধিক নারী-পুরুষ-শিশু; যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে।’
স্মারকলিপিতে ভবদহ এলাকার পানি সরাতে আরও তিনটি স্কেভেটর আনা, বিলকপালিয়ায় টিআরএম চালু, ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা, আমডাঙ্গা খাল প্রশস্ত করে রাজাপুর খালের সঙ্গে সংযোগ, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি-অনিয়ম বন্ধ এবং মুক্তেশ্বরী নদীর সঙ্গে ভৈরব-মাথাভাঙ্গার সংযোগ ও সংস্কারের দাবি জানানো হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন হবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের জেলা সমন্বয়ক শাহজাহান আলী, জেএসডির জেলা সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সদস্য গোলাম মোস্তফা, সমন্বয়ক হাচিনুর রহমান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক তসলিম উর রহমান, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাস, কলেজ শিক্ষক সমিতির উপদেষ্টা সন্তোষ হালদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, ভৈরব নদ সংস্কার আন্দোলনের সহ-আহ্বায়ক ইলাহদাদ খান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, প্রেসক্লাব যশোরের সেক্রেটারি তৌহিদুর রহমান, শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু,৭১’ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ, মহিলা পরিষদের সেক্রেটারি তন্দ্রা ভট্টাচার্য্য, বিপ্লবী ছাত্রমৈত্রীর জেলা সভাপতি পলাশ বিশ্বাস প্রমুখ।
প্রসঙ্গত, ভবদহ এলাকার পানি দ্রুত নিষ্কাশনের দাবিতে গত ৫ অক্টোবর ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে যায় নওয়াপাড়ায়। এ সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে সংগঠনটির নেতাকর্মী ও সাধারণ নারী-পুরুষ-শিশুকে আহত করে রাজপথ থেকে হটিয়ে দেয়। পুলিশের লাঠিপেটায় ইকবাল কবির জাহিদসহ অর্ধশতাধিক লোক আহত হন। এদের মধ্যে জাহিদসহ অন্তত ২০ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আরও পড়ুন:
সাতক্ষীরায় সন্ধান মেলেনি জেএমবির অর্থদাতা আব্দুর রহমানের বাড়ির!
/বিটি/








