জেডিসি পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীকে নকলে সহায়তা করায় বাগেরহাটের মোরেলগঞ্জে মো. হাবিবুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সহায়তা নেওয়া ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রওশন আরা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান বি.এস ওয়াহেজিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।
কেন্দ্র সচিব মাওলানা ফখরুল ইসলাম বলেন, শিক্ষক হাবিবুর রহমান তার মাদ্রাসার এক ছাত্রীকে নকল সরবরাহ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান ভ্রম্যমাণ আদালত বসিয়ে ওই শিক্ষককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ছাত্রীটিকেও বহিষ্কার করা হয়।
মোরেলগঞ্জে ৪টি কেন্দ্রে জেএসসি ও ২টি কেন্দ্রে জেডিসি পরীক্ষায় মোট ৪ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।
/এআর/








