বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে শনিবার থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের তিনদিনব্যাপী শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। সুন্দরবন বিভাগ থেকে মেলায় যাওয়ার জন্য ৮টি রুট নির্ধারণ করা হয়েছে। এসব রুট দিয়ে নৌকা, ট্রলার, লঞ্চ ও অন্যান্য নৌযানে দর্শনার্থীরা যাত্রা করতে পারবে।
রাস উৎসবের আয়োজকরা জানান, প্রতি বছরঅগ্রহায়ণ মাসের ভরা পূর্ণিমায় সাগর পাড়ের দুবলার চরে অনুষ্ঠিত হয় তিনদিনব্যাপী রাস উৎসব। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান ও প্রতিবেশী দেশসহ দেশি-বিদেশি লক্ষাধিক দর্শনার্থী এবং তীর্থ যাত্রীর ঢল নামে সুন্দরবনের দুবলারচরে। এ সময় আবাল-বৃদ্ধ-বনিতার পদচারণায় মুখোরিত হয়ে ওঠে পুরো সাগর পাড় এলাকা। এবার তিথি অনুযায়ী ১২ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় হস্ত ও কুটির শিল্পের কয়েক’শ দোকানি পসরা সাজিয়ে বসবে। এছাড়া জারি-সারি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও রয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, মেলাকে ঘিরে সাগর-সুন্দরবনে বন বিভাগের ১৮টি টহল টিমের পাশাপাশি কোস্টগার্ড, র্যাব, নৌ বাহিনী ও পুলিশ মোতায়েন করা হবে। এবার রাস মেলা উপলক্ষে তিনদিন সুন্দরবনে মাছ শিকারসহ সব ধরনের পাস পারমিট বন্ধ থাকবে। হরিণসহ বন্য প্রাণি শিকার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
/বিটি/







