বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, ‘রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কোনও দুর্বলতা নাই। তবে ওই সীমান্ত নদী আর পাহাড় পরিবেষ্টিত হওয়ায় কিছু সীমাবদ্ধতা আছে।’ বুধবার বিকালে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের আওতাধীন দর্শনা সীমান্ত পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, ‘সীমান্তে বিএসএফ’র হাতে বাংলাদেশি হত্যা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
দর্শনা সীমান্ত পরিদর্শনকালে শুন্য রেখায় উপস্থিত বিএসএফ জওয়ানদের হাতে মিষ্টি ও উপহার সামগ্রী তুলে দেন বিজিবির মহাপরিচালক। বিএসএফ’র ১১৩ ব্যাটালিয়নের কমান্ডার মাহেন্দ্র কুমার ও সেকেন্ড ইন কমান্ড সতীশ চন্দ্র এ সময় বিজিবির মহাপরিচালককে স্বাগত জানান।
এর আগে বিকাল সাড়ে ৩টায় বিজিবি মহাপরিচালক বিজিবির দর্শনা কোম্পানি সদরে নবনির্মিত বিওপি ভবন উদ্বোধন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিজিবির যশোর রিজিওনের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ওয়াহেদুজ্জামান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহবুবুর রহমান, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল, ৪৭ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল শহিদুল ইসলাম, ৬ ব্যাটালিয়নের পরিচালক কর্নেল আমির মজিদ, ৫৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর জসিম প্রমুখ।
/বিটি/







