সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই বনদস্যুকে আটক করেছে র্যাব। তারা ‘বড় ভাই’ বাহিনীর সক্রিয় সদস্য বলে দাবি করেছে র্যাব। শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়ার খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা ও একটি দোনলা বন্দুক এবং দুটি বিদেশি কাটা রাইফেলসহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।
আটককৃতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার সুলতানিয়া গ্রামের আবু তালেব শেখের ছেলে মো.খলিল শেখ ওরফে রাঙ্গা মিঞা (৩২) এবং একই উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের কাওছার আলী মোল্লার ছেলে মো.নজরুল ইসলাম মোল্লা (৪২)।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, ‘শনিবার দুপুরে নিয়মিত টহলের সময় র্যাবের একটি দল দূরবীণ দিয়ে দেখেন সুন্দরবনের জোংড়ার খাল এলাকায় কয়েকজনকে দাড়িয়ে আছে। র্যাব সদস্যরা সেখানে পৌঁছলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকে অস্ত্রসহ ধরে ফেললেও অন্যরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে চারটি বিদেশি অস্ত্রসহ ১৯টি রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বনদস্যু বড় ভাই বাহিনীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।’
/জেবি/
আরও পড়তে পারেন: চালের দাম বেড়েছে গোপালগঞ্জে








