কুষ্টিয়ার কুমারখালীতে ঈষিতা (৭) নামে এক শিশু হত্যা মামলায় জাহিদ মণ্ডল (৩০) নামে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানার করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ আদেশ দেন।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৫ ডিসেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা গ্রামের একটি কলা বাগানে ইসারুল হোসেনের মেয়ে ঈষিতাকে প্রতিবেশী শওকত মণ্ডলের ছেলে জাহিদ মণ্ডল ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এ ব্যাপারে ২০১৫ সালের ৫ ডিসেম্বর ঈষিতার বাবা কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে বুধবার বিচারক ধর্ষক জাহিদ মণ্ডলকে ফাঁসি ও ৫ লাখ টাকা জরিমানার রায় দেন। এ সময় আদালতের কাঠগড়ায় আসামি উপস্থিত ছিল। পরে তাকে পুলিশ প্রহরায় জেল হাজতে নিয়ে যাওয়া হয়।
/জেবি/
আরও পড়তে পারেন: কালীগঞ্জের ঝুঁকিপূর্ণ হাটচাঁদনীতে জনসাধারণের প্রবেশ নিষেধ








