নড়াইলে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং চাঁচুড়ী ইউনিয়ন পরিষদে তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোল্যাকে (৬২) কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতা ও এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন আহতের স্বজনরা। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে এই আমবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত লুৎফর রহমান উপজেলার বনগ্রামের বাসিন্দা। তার ভাই মশিয়ার রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি বনগ্রামের বাড়ি থেকে পাশের আমবাড়ি গ্রামে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৭ থেকে ৮ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মশিয়ার রহমান অভিযোগ করেন, চাঁচুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরোকের সমর্থকরা লুৎফরকে কুপিয়েছে।
এ ব্যাপারে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গনি মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চালাচ্ছে।
/এফএস/
আরও পড়ুন- কয়েকবার ধর্ষণের পর প্রতিবন্ধী কিশোরীকে ট্রাকেই ফেলে পালায় চালক-হেলপার








