আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে সাধারণ মানুষ নয় বিএনপি বেশি দুশ্চিন্তাগ্রস্ত। তারা মনে করেছিল আদালতের পর্যবেক্ষণকে ইস্যু করে ক্ষমতায় যাবে। কিন্তু তাতেও তারা ব্যর্থ। বিএনপি এখন ঢাল তলোয়ারবিহীন দলে পরিণত হয়েছে।’
রবিবার (২৭ আগস্ট) বেলা ১২টায় যশোর সার্কিট হাউজে সড়ক ও জনপথ বিভাগের খুলনা ও গোপালগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, বিএনপি সব সময় ইস্যু খোঁজে। তারা মনে করেছিল আদালতের পর্যবেক্ষণও একটা ইস্যু। এটাকে নিয়ে আন্দোলন করা যাবে, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে। এ কারণে বিএনপিই এ বিষয় নিয়ে প্রথম রাজনীতি শুরু করেছে। তাদের বক্তব্য এমন যে রায়ের পর্যবেক্ষণের কারণে সরকারের পদত্যাগ করা উচিত। আসলে বিএনপি এখন ‘ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার’ মার্কা একটা দলে পরিণত হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির এখন প্রেস ব্রিফিং-ই সম্বল। আমার মনে হয় আদালত নিয়ে তাদের চিৎকার চেঁচামেচি আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, কমে যাচ্ছে। এটা চলে গেলে আর তো কোনও ইস্যুও নেই। তারা নিজেরা ব্যর্থ; পদত্যাগ তো তারা করবে। ৫৯৬ জনের কমিটি কোনোদিন রাস্তায় নামতে পারেনি।’
এর আগে মন্ত্রী ওবায়দুল কাদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলার সব জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক চলাচলের উপযোগী করার জন্য সড়ক বিভাগের প্রকৌশলীদের নির্দেশ দেন। এ সময় সড়ক ও জনপথ বিভাগের খুলনা ও গোপালগঞ্জ জোনের আওতায় থাকা বিভিন্ন সড়কের খোঁজ-খবর নেন।
তিনি বলেন, ‘বৃষ্টি বাদলের অজুহাত চলবে না। এ সময় কী করতে হবে তা ইঞ্জিনিয়ারদের জানা আছে। যেখানে যে ট্রিটমেন্ট দরকার দিতে হবে।’
মন্ত্রী বলেন, ‘সংকটে যারা সঠিক নেতৃত্ব দিতে পারেন তারাই সত্যিকারের লিডার। প্রকৌশলীরাও লিডার। কাজেই আপনাদের ওপর আমার আস্থা আছে। টাকার সমস্যা নেই; টাকা এসে যাবে।’ একইসঙ্গে সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখার ওপর জোর দেন মন্ত্রী। যাতে ঈদের পরও মানুষ স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারেন।
মতবিনিময় সভায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর-৩ সদর আসনের এমপি কাজী নাবিল আহমেদ, যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য্য, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রুহুল আমিন, খায়রুল ইসলামসহ সড়ক বিভাগের ১৫ জেলার নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








